কাবুল বিস্ফোরণ: প্রেস টিভির ক্যামেরাম্যান নিখোঁজ
-
বিস্ফোরণের পর মুহূর্তের ভয়াবহ দৃশ্য
আফগানিস্তানের রাজধানী কাবুলে বুধবারের ভয়াবহ বোমা হামলার পর থেকে সেখানে দায়িত্ব পালনরত ইরানের প্রেস টিভি’র একজন ক্যামেরাম্যান নিখোঁজ রয়েছেন। ওই পাশবিক হামলায় অন্তত ৯০ জন নিহত ও কয়েকশ’ লোক আহত হয়েছেন।
কাবুলে প্রেস টিভির সংবাদদাতা আমিন আলামি জানিয়েছেন, তাদের ক্যামেরাম্যান হাবিবুল্লাহ হোসেইনযাদে বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ নিজ বাসভবন থেকে প্রেস টিভির অফিসের দিকে রওনা হন। অফিসটি বুধবারের বোমা হামলা স্থলের কাছাকাছি অবস্থিত।
আলামি জানান, বিস্ফোরণের পর থেকে হোসেইনযাদে’র আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রেস টিভির সংবাদদাতা বলেন, তিনি কাবুলের সব হাসপাতালে খবর নিয়েছেন কিন্তু কোনো হাসপাতালে হোসেইনজাদে’কে ভর্তি করা হয়নি।
ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত যেসব দগ্ধ লাশ এখনো শনাক্ত করা যায়নি তাদের ভেতর হোসেইনযাদে’র লাশ থাকতে পারে বলে আলামি আশঙ্কা প্রকাশ করেন।
কাবুলে আফগান প্রেসিডেন্ট প্রাসাদ ও বিদেশি দূতাবাসগুলোর কাছে বুধবার সকালে এই ভয়াবহ বোমা হামলা চালানো হয়। উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ওই পাশবিক হামলার দায় স্বীকার করেছে। জার্মান দূতাবাসের সামনে এ হামলা চালানো হলেও ঠিক কোন লক্ষ্যবস্তুকে টার্গেট করে এবং কি উদ্দেশ্যে হামলাটি চালানো হয়েছে তা স্পষ্ট করেনি দায়েশ।
বিস্ফোরণে জার্মান দূতাবাস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া, এতে আরো কিছু দেশের দূতাবাসেরও ক্ষতি হয়েছে। প্রেস টিভি’র সংবাদদাতা জানিয়েছেন, বোমা বিস্ফোরণে কাবুলের ইরান দূতাবাসের পাশাপাশি ইরানি রাষ্ট্রদূতের বাসভবনেরও ক্ষতি হয়েছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১