বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আত্মবিশ্বাস বাড়ানোর জয় পেল ইরান
ইরানের জাতীয় ফুটবল দল বিশ্বকাপ ফুটবলের আগে নিজেদের প্রস্তুতি ম্যাচে শক্তিশালী লিথুয়ানিয়াকে ১-০ গোলে পরাজিত করেছে। বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে শুক্রবার রাতে মস্কোয় এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলার ৮৮ মিনিটের মাথায় ইরানের স্ট্রাইকার কারিম আনসারি-ফার্দ জয়সূচক একমাত্র গোলটি করেন। খেলাটি লোকচক্ষুর অন্তরালে অনুষ্ঠিত হয় এবং মাঠে কোনো দর্শক বা সাংবাদিক উপস্থিত ছিলেন না। শুধুমাত্র খেলা শেষে এর ফলাফল ঘোষণা করা হয়েছে।
২০১৮ বিশ্বকাপ ফুটবলের আগে এটি ছিল ইরানের সর্বশেষ প্রস্তুতি ম্যাচ। এর আগে তুরস্কের ইস্তাম্বুলে বিশ্বকাপের প্রস্তুতিমুলক ক্যাম্প বসিয়েছিল ইরানের জাতীয় দল এবং তারা বিশ্বকাপের প্রথম দল হিসেবে রাশিয়া পৌঁছায়।
আসন্ন বিশ্বকাপের গ্রুপ ‘বি’তে মরক্কো, স্পেন ও পর্তুগালের মুখোমুখি হবে ইরান। আগামী ১৫ জুন তাদের প্রথম খেলা মরক্কোর বিরুদ্ধে। সেন্ট পিটার্সবার্গে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।
৩২ দলের অংগ্রহণে আগামী ১৪ জুন রাশিয়ায় ২১তম বিশ্বকাপ ফুটবলের আসর শুরু হতে যাচ্ছে। আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হবে সৌদি আরব।
আসন্ন বিশ্বকাপের বাছাইপর্বে এশিয়া থেকে সবার আগে রাশিয়া বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে ইরান। ১৯৭৮, ১৯৯৮, ২০০৬ ও ২০১৪ সালে বিশ্বকাপ খেলা দেশটি প্রথমবারের মতো টানা দ্বিতীয়বার বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পায়।
বিশ্বকাপে এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছে ইরান। ১টি জয়, ৩টি ড্র ও ৮টি ম্যাচে পরাজিত হয় তারা। ১৯৯৮ সালের আসরে বিশ্বকাপের মঞ্চে একমাত্র জয়টি পায় ইরান। ওই খেলায় যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়েছিল তারা।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৯