ইরানি ফুটবল দলের প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রেসিডেন্ট রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i59542-ইরানি_ফুটবল_দলের_প্রতি_কৃতজ্ঞতা_জানালেন_প্রেসিডেন্ট_রুহানি
বিশ্বকাপ ফুটবলের প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হলেও দুর্দান্ত লড়াই করায় ইরানের জাতীয় ফুটবল দলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। সোমবার রাতে ইউরোপের সেরা দল পর্তুগালের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ খেলা সমাপ্তির পর জাতীয় দলের খেলোয়াড়দের কাছে পাঠানো এক বার্তায় এ ধন্যবাদ জানান প্রেসিডেন্ট রুহানি।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুন ২৬, ২০১৮ ০১:১২ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট হাসান রুহানি
    প্রেসিডেন্ট হাসান রুহানি

বিশ্বকাপ ফুটবলের প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হলেও দুর্দান্ত লড়াই করায় ইরানের জাতীয় ফুটবল দলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। সোমবার রাতে ইউরোপের সেরা দল পর্তুগালের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ খেলা সমাপ্তির পর জাতীয় দলের খেলোয়াড়দের কাছে পাঠানো এক বার্তায় এ ধন্যবাদ জানান প্রেসিডেন্ট রুহানি।

বার্তায় তিনি খেলোয়াড়দের উদ্দেশ করে বলেন, আপনারা ইরানি জনগণের স্বপ্ন পূরণের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে তাদের জন্য গৌরব বয়ে এনেছেন। এজন্য ইরানের জনগণ আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে।

বার্তায় প্রেসিডেন্ট রুহানি আরো বলেন, আপনারা ২০১৮ বিশ্বকাপ ফুটবলে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে ঐক্যবদ্ধ ইরানি জনগণের আশা-আকাঙ্ক্ষাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। আপনাদের এই লড়াকু প্রচেষ্টা আমিসহ গোটা ইরানি জাতিকে মুগ্ধ করেছে।

সোমবার রাতে রোনাল্ডোর দলকে জিততে দেয়নি ইরান

সোমবার রাতে গ্রুপ পর্বের শেষ খেলায় চলতি বিশ্বকাপ ফুটবলের শিরোপার অন্যতম দাবিদার পর্তুগালের বিরুদ্ধে গৌরবোজ্জ্বল ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে ১-১ গোলে ড্র করে ইরান। এই ড্রয়ের মাধ্যমে দলটি ৪ পয়েন্ট অর্জন করেও দ্বিতীয় রাউন্ডে উঠতে ব্যর্থ হয়।

এবারের বিশ্বকাপে ‘বি’ গ্রুপে স্পেন, পর্তুগাল ও মরক্কোর বিরুদ্ধে প্রতিযোগিতায় নামে ইরান।  ১৫ জুন নিজেদের প্রথম খেলায় আফ্রিকার অন্যতম শক্তিশালী দল মরক্কোকে ১-০ গোলে পরাজিত করে তারা। এরপর নিজেদের দ্বিতীয় খেলায় বিশ্ব ফুটবলের অন্যতম বড় শক্তি স্পেনের কাছে ০-১ গোলের ব্যবধানে হেরে যায়।

সোমবার রাতে তেহরানের এক লাখ আসনসমৃদ্ধ আজাদি স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে খেলা দেখেন ইরানিরা 

গ্রুপ ‘বি’ থেকে পর্তুগাল ও স্পেন প্রত্যেকে ৫ পয়েন্ট করে পেয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে। ইরান ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং মরক্কো ১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান অধিকার করেছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬