ক্ষিপ্ত ইসরাইল: সিরিয়া সীমান্তে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন
https://parstoday.ir/bn/news/west_asia-i52873-ক্ষিপ্ত_ইসরাইল_সিরিয়া_সীমান্তে_ক্ষেপণাস্ত্র_প্রতিরক্ষা_ব্যবস্থা_মোতায়েন
ক্ষুব্ধ ইহুদিবাদী ইসরাইল সিরিয়া সীমান্তে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করেছে বলে খবর পাওয়া গেছে। সিরিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি এফ-১৬ জঙ্গিবিমান হারানোর পর এ পদক্ষেপ নিয়েছে তেল আবিব।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ফেব্রুয়ারি ১২, ২০১৮ ০৯:৫১ Asia/Dhaka
  • ইসরাইলের পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
    ইসরাইলের পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

ক্ষুব্ধ ইহুদিবাদী ইসরাইল সিরিয়া সীমান্তে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করেছে বলে খবর পাওয়া গেছে। সিরিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি এফ-১৬ জঙ্গিবিমান হারানোর পর এ পদক্ষেপ নিয়েছে তেল আবিব।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ইসরাইলের জেরুজালেম পোস্ট গতকাল (রোববার) খবর দিয়েছে যে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি নিয়ে কয়েকটি ট্রাক উত্তর সীমান্তের বাকা আল-গারবিয়া শহরের দিকে গেছে। কোনো কোনো গণমাধ্যম ব্যাটারি বহনকারী ট্রাকের ছবি প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে যে, উত্তর ইসরাইলের মহাসড়ক ধরে ক্ষেপণাস্ত্রবাহী ট্রাক যাচ্ছে। বিষয়টি নিয়ে ইসরাইলের সামরিক বাহিনী কোনো মন্তব্য করতে চায় নি বলে জেরুজালেম পোস্ট জানিয়েছে।

গোলান মালভূমিতে মোতায়েন করা ইসরাইলি সাঁজোয়া যান (গতকালের ছবি)

এর আগে, শনিবার সকালের দিকে ইসরাইলের আটটি বিমান সিরিয়ার অভ্যন্তরে হামলা চালায়। কিন্তু সিরিয়ার সামরিক বাহিনী তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইসরাইলের অন্তত একটি এফ-১৬ বিমান ভূপাতিত করে। গত ৩৫ বছরের মধ্যে এই প্রথম সিরিয়া ইসরাইলের কোনো বিমান ভূপাতিত করল। ১৯৮২ সালে লেবাননে গৃহযুদ্ধের সময় ইসরাইল সর্বশেষ তাদের কোনো যুদ্ধবিমান হারিয়েছে। #

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২