সিরিয়ার বিমানবন্দরে হামলার দায় ইঙ্গিতে স্বীকার করল ইসরাইল
-
এভিগদোর লিবারম্যান
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান সিরিয়ার হোমসে সামরিক বিমানবন্দরে হামলার দায় ইঙ্গিতে স্বীকার করেছেন। ইসরাইলি দৈনিক 'ইয়েদিয়োথ অহরোনোথ'-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, "ইসরাইলি বিমান বাহিনী সিরিয়ায় অভিযান শেষে আজ (সোমবার) সকালে দেশে ফিরেছে।"
এর মাধ্যমে আজ সকালে সিরিয়ার 'টি-ফোর' বিমানবন্দরে হামলার কথা পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছেন ইসরাইলি যুদ্ধমন্ত্রী।
এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের দু'টি এফ-থার্টি ফাইভ জঙ্গিবিমান লেবাননের আকাশসীমা থেকে সিরিয়ার 'টি-ফোর' সামরিক বিমানবন্দরে হামলা চালিয়েছে। জঙ্গিবিমান থেকে বিমানবন্দরটি লক্ষ্য করে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে পাঁচটি ক্ষেপণাস্ত্রকে আকাশে ধ্বংস করা হয়েছে। ইসরাইলের জঙ্গিবিমানগুলো সিরিয়ার আকাশসীমায় না ঢুকেই লেবানন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
এছাড়া, সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'সানা' হামলার জন্য প্রথমে আমেরিকাকে সন্দেহ করলেও পরে বলেছে, ইসরাইলি জঙ্গিবিমান থেকেই আজকের হামলা চালানো হয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৮