সিরিয়ার আলেপ্পো এবং হামায় আবারো ক্ষেপণাস্ত্র হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i56556-সিরিয়ার_আলেপ্পো_এবং_হামায়_আবারো_ক্ষেপণাস্ত্র_হামলা
সিরিয়ার হামা এবং আলেপ্পো প্রদেশের কয়েকটি সামরিক ঘাঁটি শত্রুদের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ৩০, ২০১৮ ১১:৪৮ Asia/Dhaka
  • সিরিয়ার আলেপ্পো এবং হামায় আবারো ক্ষেপণাস্ত্র হামলা

সিরিয়ার হামা এবং আলেপ্পো প্রদেশের কয়েকটি সামরিক ঘাঁটি শত্রুদের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে।

সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা গতকাল (রোববার) জানিয়েছে, হামা এবং আলেপ্পোর গ্রামগুলোতে অবস্থিত কয়েকটি সামরিক ঘাঁটিতে রাত সাড়ে দশটায় শত্রুরা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। কোথা থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায় নি বলে সংবাদ সংস্থাটি জানিয়েছে। সিরিয়ার হোমস প্রদেশের একটি বিমান ঘাঁটিতে ইহুদিবাদী ইসরাইলি জঙ্গিবিমান আঘাত হানে বলে রাশিয়া এবং সিরিয়ার পক্ষ থেকে অভিযোগ করার কয়েক সপ্তাহ পর নতুন করে এসব হামলার খবর এলো। হামলায় কত জন হতাহত হয়েছেন সে ব্যাপারে জানা যায় নি। 

এছাড়া, এর কয়েক সপ্তাহ আগে সিরিয়ার দুমায় কথিত রাসায়নিক হামলার অভিযোগে দেশটির রাজধানী দামেস্কসহ এর আশপাশে এলাকায় আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সিরিয়া সরকার রাসায়নিক হামলার অভিযোগ অত্যন্ত জোরালোভাবে প্রত্যাখ্যান করে সেখানে তদন্ত চালানোর জন্য আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা বা ওপিসিডাব্লিউ'র প্রতি আহ্বানও জানিয়েছিল। কিন্তু তদন্ত শেষ না হতেই মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসী শক্তি সিরিয়ায় তড়িঘড়ি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। 

গত কয়েক বছর ধরে সিরিয়ার ভূখণ্ডে হামলা চালিয়ে আসছে ইসরাইল। সিরিয়ায় পরাজিত উগ্র সন্ত্রাসীদের মনোবল চাঙা করতেই অবৈধ ইহুদিবাদী রাষ্ট্র এসব হামলা চালাচ্ছে বলে সিরিয়া অভিযোগ করেছে।#

পার্সটুডে/বাবুল আখতার/৩০