ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে: হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i60086-ইসরাইলি_আগ্রাসন_বন্ধ_না_হওয়া_পর্যন্ত_বিক্ষোভ_চলবে_হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত দখলদারদের বিরুদ্ধে বিক্ষোভ চলবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৬, ২০১৮ ০১:২৩ Asia/Dhaka
  • ইসমাইল হানিয়া
    ইসমাইল হানিয়া

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত দখলদারদের বিরুদ্ধে বিক্ষোভ চলবে।

হামাসের পলিটিক্যাল ব্যুরোর প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া এ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়াসহ ফিলিস্তিনিদের সব দাবি মেনে না নেয়া পর্যন্ত তারা ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে যাবে।

ফিলিস্তিনিদের ভূমি জবরদখল করে সেখানে অবৈধ ইহুদি বসতি নির্মাণ করার কাজ চালিয়ে নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার প্রত্যয় থেকে ফিলিস্তিনি জনগণকে সরিয়ে আনা যাবে না বলেও তিনি মন্তব্য করেন।

শনিবার গাজায় ব্যাপক বোমাবর্ষণ করে ইহুদিবাদী জঙ্গিবিমান

হামাস নেতা বলেন, ফিলিস্তিনি জাতি কখনোই বায়তুল মুকাদ্দাসের ব্যাপারে তাদের অবস্থান পরিবর্তন করবে না। এই পবিত্র শহরসহ অধিকৃত সব ভূমির মালিক ফিলিস্তিনি জনগণ এবং তারা একদিন তাদের দেশ ইহুদিবাদী দখলদারদের হাত থেকে মুক্ত করবেই।

অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন অবস্থানে ইসরাইলি জঙ্গিবিমান ব্যাপক বোমাবর্ষণ করার একদিন পর রোববার এসব কথা বলেন ইসমাইল হানিয়া। গাজা থেকে ইসরাইল অভিমুখে রকেট নিক্ষেপ করা হচ্ছে বলে দাবি করে ওই বিমান হামলা চালায় তেল আবিব। তবে রোববার গাজায় কোনো বিমান হামলা হয়নি বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৬