আরবদের সঙ্গে সংলাপের প্রস্তাবে ইরানের সম্মতি শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে: বিশ্লেষক
https://parstoday.ir/bn/news/west_asia-i86218-আরবদের_সঙ্গে_সংলাপের_প্রস্তাবে_ইরানের_সম্মতি_শান্তি_প্রতিষ্ঠায়_ভূমিকা_রাখবে_বিশ্লেষক
ইসলামি প্রজাতন্ত্র ইরান সবসময়ই প্রতিবেশী দেশগুলোর স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানো এবং প্রতিবেশীসুলভ আচরণের ওপর জোর দিয়ে আসছে। ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ ও যৌক্তিক সম্পর্ক চায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২১, ২০২১ ১২:১২ Asia/Dhaka
  • আরবদের সঙ্গে সংলাপের প্রস্তাবে ইরানের সম্মতি শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে: বিশ্লেষক

ইসলামি প্রজাতন্ত্র ইরান সবসময়ই প্রতিবেশী দেশগুলোর স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানো এবং প্রতিবেশীসুলভ আচরণের ওপর জোর দিয়ে আসছে। ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ ও যৌক্তিক সম্পর্ক চায়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এক টুইট বার্তায় পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসিভুক্ত আরব দেশগুলোর সঙ্গে ইরানের আলোচনার ব্যাপারে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ আব্দুর রহমান বিন আলে সানির প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করতে হবে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী ইরান ও পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে সংলাপ অনুষ্ঠানের আহ্বান জানান। এরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ টুইট বার্তায় কাতারের পররাষ্ট্রমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানিয়ে পোস্ট দেন। তিনি বলেন আমার ভাই কাতারের পররাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণমূলক সংলাপের যে আহ্বান জানিয়েছেন তাকে আমরা স্বাগত জানাই।

এর আগেও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছিল ইসলামি ইরান। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণে এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য আরব দেশগুলোর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলেন। তিনি এ অঞ্চলের দেশগুলোকে একে অপরের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানিয়ে যেকোনো বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা করা, আগ্রাসন না চালানো এবং একে অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রস্তাব দিয়েছিলেন।

এবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর টুইট বার্তা থেকে বোঝা যায় এ অঞ্চলের দেশগুলোর মধ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা ইরানের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ইরানের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক আব্দুল্লাহ বিন সালেহ বাবুদ মনে করেন, পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের সংলাপ ও সহযোগিতা সমগ্র এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বিরাট ভূমিকা রাখবে।

এতে কোন সন্দেহ নেই যে, এই অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য বিদেশিদের উপস্থিতি ও অস্ত্র প্রতিযোগিতার কোন প্রয়োজন নেই। তবে যৌথ সহযোগিতায় গড়ে তোলার অন্যতম শর্ত হচ্ছে সদিচ্ছা থাকতে হবে এবং একে অপরের বিরুদ্ধে অযথা অভিযোগ করা থেকে বিরত থাকতে হবে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টি জন্য যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইল ইরান আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এর পাশাপাশি আইএস সন্ত্রাসীদের বিস্তার ঘটিয়ে তারা এ অঞ্চলে ব্যাপক নিরাপত্তাহীন পরিস্থিতির সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরাক ও আফগানিস্তানে দখল করেছে এবং মধ্যপ্রাচ্যের ব্যাপক সেনা সমাবেশ ঘটেছে। কিন্তু তারপরও তারা নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারেনি। কারণ সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ এবং নিরাপত্তা প্রতিষ্ঠার কোন চেষ্টাই তারা করেনি। এ অবস্থায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরব দেশগুলোর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাবকে স্বাগত জানানোয় এ অঞ্চলের নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। #

পার্সটুডে/রেজওয়ান  হোসেন/২১