চীনা জেলেদের ঠেকাতে একযোগে নামল দক্ষিণ কোরিয়া ও জাতিসংঘ কমান্ড
https://parstoday.ir/bn/news/world-i11647-চীনা_জেলেদের_ঠেকাতে_একযোগে_নামল_দক্ষিণ_কোরিয়া_ও_জাতিসংঘ_কমান্ড
দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী ও কোস্ট গার্ড এবং জাতিসংঘ কমান্ড দেশটির পশ্চিম উপকূলের বিতর্কিত সাগরসীমা থেকে চীনা জেলেদের অবৈধ মাছ ধরা ঠেকাতে আজ (শুক্রবার) থেকে একযোগে অভিযান শুরু করেছে। কোরিয় যুদ্ধবিরতি তদারকির জন্য সেখানে জাতিসংঘ কমান্ড মোতায়েন রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১০, ২০১৬ ১২:০৬ Asia/Dhaka
  • চীনা জেলেদের ঠেকাতে একযোগে নামল দক্ষিণ কোরিয়া ও জাতিসংঘ কমান্ড

দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী ও কোস্ট গার্ড এবং জাতিসংঘ কমান্ড দেশটির পশ্চিম উপকূলের বিতর্কিত সাগরসীমা থেকে চীনা জেলেদের অবৈধ মাছ ধরা ঠেকাতে আজ (শুক্রবার) থেকে একযোগে অভিযান শুরু করেছে। কোরিয় যুদ্ধবিরতি তদারকির জন্য সেখানে জাতিসংঘ কমান্ড মোতায়েন রয়েছে।

দুই কোরিয়ার মধ্যবর্তী প্রায় ৬০ কিলোমিটার এলাকা জুড়ে যৌথভাবে টহল শুরু করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা দফতরের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। চীনা মাছ ধরার নৌকা বের করে দেয়ার জন্য সামরিক পুলিশের চৌকি বসানো হয়েছে বলেও জানান তিনি।

নিরাপত্তামূলক পদক্ষেপ হিসেবে এ তৎপরতার বিষয়টি উত্তর কোরিয়াকে অবহিত করা হয়েছে। জয়েন্ট চিফস অব স্টাফের দফতর থেকে আরেক কর্মকর্তা আলাদাভাবে এ কথা জানিয়েছেন।

ওই এলাকায় ১০টির বেশি চীনা মাছ ধরার নৌকা ছিল এবং যৌথ অভিযান শুরুর পর সেগুলো উত্তর কোরিয়ার উপকূলের দিকে পালিয়ে গেছে বলে সিউল দাবি করেছে। অবশ্য চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এটি নিশ্চিত করে নি।

চীনা ট্রলারগুলোর অবৈধ মাছ ধরার বিষয়ে দক্ষিণ কোরিয়া একাধিকবার বেইজিং’র কাছে অভিযোগ করেছে। ওই এলাকায় দুইটি চীনা ট্রলারকে আটকের পর এসব অভিযোগ জানানো হয়। এ ইস্যুর স্থায়ী নিষ্পত্তির জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চো জুন।#

পার্সটুডে/মূসা রেজা/১০