ভারতীয় আরো দুই কূটনীতিককে বহিষ্কার করতে পারে পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i24634-ভারতীয়_আরো_দুই_কূটনীতিককে_বহিষ্কার_করতে_পারে_পাকিস্তান
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গুপ্তচরবৃত্তির অভিযোগে ‘ধরা পড়া’ ভারতের দুই কূটনীতিককে বহিষ্কার করা হতে পারে। তারা দুজনই ভারতের প্রধান গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানলাইসিস উইং বা র-এর সদস্য বলে একটি সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন খবর দিয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
নভেম্বর ০২, ২০১৬ ১৭:৩২ Asia/Dhaka
  • রাজেশ কুমার অগ্নিহোত্রি ও বলবীর সিং
    রাজেশ কুমার অগ্নিহোত্রি ও বলবীর সিং

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গুপ্তচরবৃত্তির অভিযোগে ‘ধরা পড়া’ ভারতের দুই কূটনীতিককে বহিষ্কার করা হতে পারে। তারা দুজনই ভারতের প্রধান গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানলাইসিস উইং বা র-এর সদস্য বলে একটি সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন খবর দিয়েছে।

এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে- রাজেশ কুমার অগ্নিহোত্রি নামে একজন হচ্ছেন র-এর স্টেশন চিফ এবং বলবীর সিং নামে অন্যজন হচ্ছেন ভারতীয় গোয়েন্দা ব্যুরো বা আইবি’র কর্মকর্তা। এ দুই কর্মকর্তাই ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে কর্মরত রয়েছেন।

একটি সূত্র বলছে, “অগ্নিহোত্রি ও বলবীর দুজনই পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী তৎপরতায় জড়িত ছিলেন। এছাড়া, সম্প্রতি বহিষ্কার করা ভারতীয় কূটনীতিক সুরজিত সিং-ও বলবীর নেটওয়ার্কের সদস্য ছিলেন।” ওই সূত্র বলছে, “পাকিস্তানের ভেতরে ধ্বংসাত্মক তৎপরতা চালাতে বলবীর সিং ভারতীয় গোয়েন্দা আইবি-কে সহায়তা করে আসছিলেন।”

রাজধানী নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তার মন্ত্রণালয় বিষয়টি সম্পর্কে অবহিত আছে এবং আনুষ্ঠানিক বার্তা পাওয়ার বিষয়ে তারা অপেক্ষা করছেন।

এর আগে, পাকিস্তান ও ভারত পাল্টাপাল্টি একজন করে কূটনীতিক বহিষ্কার করেছে। দু পক্ষই তখন সেসব কূটনীতিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তোলে।#     

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২