করাচিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহত ২০, আহত ৪৫
https://parstoday.ir/bn/news/world-i24718-করাচিতে_ভয়াবহ_ট্রেন_দুর্ঘটনা_নিহত_২০_আহত_৪৫
পাকিস্তানের বন্দরনগরী করাচির লান্ধি রেলওয়ে স্টেশনে আজ (বৃহস্পতিবার) সকালে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছে। হাসপাতাল কর্মকর্তারা হতাহতের এ সংখ্যা জানিয়েছেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
নভেম্বর ০৩, ২০১৬ ১৫:১৪ Asia/Dhaka
  • করাচিতে রেল দুর্ঘটনার পর উদ্ধার অভিযান
    করাচিতে রেল দুর্ঘটনার পর উদ্ধার অভিযান

পাকিস্তানের বন্দরনগরী করাচির লান্ধি রেলওয়ে স্টেশনে আজ (বৃহস্পতিবার) সকালে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছে। হাসপাতাল কর্মকর্তারা হতাহতের এ সংখ্যা জানিয়েছেন।

জাকারিয়া এক্সপ্রেস ও ফরিদ এক্সপ্রেস নামে দুটি ট্রেনের মধ্যে এ সংঘর্ষ ঘটে। প্রাথমিক খবর অনুযায়ী, ভুল সংকেতের কারণে ঘটা এ দুর্ঘটনায় তিনটি বগি দুমড়ে মুচড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা ভয়াবহ দুর্ঘটনার বর্ণনা দিয়ে জানান, শহরের কায়দাবাদ রেলওয়ে স্টেশনের দিকে একটি ট্রেন দ্রুতগতিতে এগিয়ে এসে পার্ক করা আরেকটি ট্রেনকে ধাক্কা দেয় এবং সংঘর্ষের সাথে সাথেই ভেতরে আটকে পড়া লোকজনের চিৎকার শোনা যায়। জিন্নাহ হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ডাক্তার সিমি জামালি বলেন, “আহত ৪৫ জনকে হাসপাতালে আনা হয়েছে তবে এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।” রেঞ্জার ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তাৎক্ষণিক চিকিৎসার জন্য আহতদের কাছের হাসাপাতালে নেয়া হয়। স্থানীয় গণমাধ্যম কর্মীরা জানিয়েছেন, উদ্ধারকারীরা ধ্বংসস্তুপের ভেতর আটকে পড়া লোকজনকে উদ্ধারে কাজ করছেন।

করাচি প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দুর্ঘটনার সময় ট্রেনে সম্ভবত এক হাজার যাত্রী ছিল। করাচির জেলা সমন্বয় কর্মকর্তা নাসির নাজির বার্তা সংস্থা এএফপি-কে বলেন, “এ মুহূর্তে আমরা হতাহতের প্রকৃত সংখ্যা জানি না তবে দুই ট্রেনে সম্ভবত এক হাজার যাত্রী থাকতে পারে।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩