রহস্যজনক ব্যানার: জেনারেল রাহিলকে ভোটে দাঁড়ানোর আহ্বান
-
রাওয়ালপিন্ডিতে রহস্যজনক ব্যানার
পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে রহস্যজনক ব্যানারে দেশটির সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফকে আগামী ২০১৮ সালের সাধারন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানানো হয়েছে।
সেনাপ্রধান হিসেবে জেনারেল রাহিল শরীফের চাকরির মেয়াদ শেষ হতে যখন আর মাত্র কয়েকদিন বাকি তখন এই রহস্যজনক ব্যানার টাঙানোর ঘটনা ঘটল। ব্যানারে লেখা হয়েছে- “সময় বাড়াবেন না বরং কমান।” এ বক্তব্যের মাধ্যমে মূলত বলা হচ্ছে- চাকরি থেকে অবসরের দুই বছর পর সরকারি কর্মকর্তারা রাজনীতিতে ঢুকতে পারবেন বলে যে আইন রয়েছে তা সংশোধন করে এক বছর করতে হবে।
এছাড়া, সরকার ও বিরোধীদলের মধ্যে বিভেদের যে রাজনীতি রয়েছে তার অবসান ঘটানোর আহ্বান জানানো হয়েছে এ ব্যানারে। পাশাপাশি জেনারেল রাহিল শরীফকে রাজনীতিতে আনার মাধ্যমে সামরিক ও বেসামরিক প্রশাসনের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আশা সৃষ্টি হবে বলে মন্তব্য করা হয়েছে। রহস্যজনক এ ব্যানারে আরো বলা হয়েছে- “আশা করা যায় আগামী সাধারণ নির্বাচনে প্রার্থী হতে দিলে জেনারেল রাহিল শরীফ সংখ্যাগরিষ্ঠ জনগণের ভোট পাবেন এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। এর ফলে তিনি দেশকে সফলতার পথে এগিয়ে নিতে পারবেন।
ব্যানারে শেখ রাশিদ আমজাদ আলী নামে এক ব্যক্তির নাম রয়েছে যার পরিচয় দেয়া হয়েছে রাওয়ালপিন্ডি আওয়ামী মনিটরিং সেলের সদস্য। তিনি এ ব্যানার তৈরির পৃষ্ঠপোষকতা করেছেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫