সিরিয়ার আলেপ্পোতে বিক্ষোভ মিছিলে সন্ত্রাসীদের হামলা: নিহত ১৭
সিরিয়ার গোলযোগপূর্ণ আলেপ্পোর শহরের বাইরে একটি মানবিক করিডর বন্ধ করে দেয়ার প্রতিবাদে একদল বিক্ষোভকারী মিছিল বের করলে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীরা তাদের ওপর সরাসরি গুলি চালিয়েছে। এতে অন্তত ১৭ জন নিহত এবং অপর আরো বহু লোক আহত হয়েছে বলে রাশিয়া জানিয়েছে।
গত বৃহস্পতিবার সন্ত্রাসী নিয়ন্ত্রিত আলেপ্পোর পূর্ব অংশে এ ঘটনা ঘটে বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেঙ্কভ আজ শনিবার জানিয়েছেন।
৫০০ সিরিয়ান অধিবাসী সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত এবং অবরুদ্ধ আলেপ্পোর উপকণ্ঠে বিক্ষোভ মিছিলে অংশ নেয়। এদের মধ্যে দু'শো ব্যক্তি সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত আলেপ্পোর পশ্চিম অংশে প্রবেশের চেষ্টা করলে সন্ত্রাসীরা তাদের ওপর গুলিবর্ষণ করে বলে কোনাশেঙ্কভ জানিয়েছে। ঘটনাস্থলে ১৩ ও ১৫ বছর বয়সি দুই কিশোরসহ ১৭ ব্যক্তি প্রাণ হারিয়েছে বলে জানান তিনি।
এছাড়া জেনারেল কোনাশেঙ্কভ বলেন, সন্ত্রাসীরা এ বিক্ষোভ মিছিল আয়োজনের সঙ্গে জড়িত ১০ জনকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। এসব আটক ব্যক্তিদেরকে একই দিনে হত্যা করা হয়েছে বলে জানান তিনি।#
পার্সটুডে/বাবুল আখতার/১৯