সিরিয়ায় ইরান ও তুরস্কের সঙ্গে সহযোগিতা চলবে: রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ায় ইরান ও তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখবে তার দেশ। তিনি মঙ্গলবার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থাকে বলেছেন, সিরিয়া প্রসঙ্গে আঙ্কারা, তেহরান এবং অন্যান্য আঞ্চলিক দেশের সঙ্গে আরো বেশি সহযোগিতা গড়ে তুলতে মস্কো সব সময় প্রস্তুত রয়েছে।
ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যে ত্রিপক্ষীয় সহযোগিতার ফল হিসেবে সম্প্রতি সিরিয়ার আলেপ্পো নগরী পুনরুদ্ধার হয়েছে এবং বহু মানুষ প্রাণহানীর হাত থেকে রক্ষা পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
গত ২২ ডিসেম্বর সিরিয়ার সেনাবাহিনী ঘোষণা করে, দেশটির উত্তরাঞ্চলীয় আলেপ্পো নগরী পুরোপুরি জঙ্গিমুক্ত হয়েছে। ২০১২ সালের পর এই প্রথম গোটা আলেপ্পো নগরীর ওপর সেনাবাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলো।
সিরিয়ায় তৎপর জঙ্গিদের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও তুরস্কসহ আরো কিছু আঞ্চলিক দেশের সমর্থন থাকা সত্ত্বেও সিরিয়ার সেনাবাহিনী এ সাফল্য অর্জন করেছে।
এরপর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার এক বার্ষিক ভাষণে বলেন, ইরান ও তুরস্কের সহযোগিতা এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সদিচ্ছা ছাড়া আলেপ্পো পুনরুদ্ধার সম্ভব ছিল না। শিগগিরই কাজাখস্তানের রাজধানী আস্তানায় ইরান, রাশিয়া, তুরস্ক ও সিরিয়ার মধ্যে চতুর্পক্ষীয় শান্তি বৈঠকে অনুষ্ঠিত হবে বলেও জানান ভ্লাদিমির পুতিন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮