ফিলিপাইনের সঙ্গে যৌথ মহড়া চালাবে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i29995-ফিলিপাইনের_সঙ্গে_যৌথ_মহড়া_চালাবে_রাশিয়া
সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই ও জলদস্যুতা প্রতিরোধের জন্য ফিলিপাইনের সঙ্গে যৌথ নৌমহড়া চালাবে রাশিয়া। রুশ নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় বহরের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এদুয়ার্ক মিখাইলভ আজ (মঙ্গলবার) এ কথা জানিয়েছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জানুয়ারি ০৩, ২০১৭ ১৭:০৪ Asia/Dhaka
  • সাবমেরিন বিধ্বংসী রুশ যুদ্ধাজাহাজ অ্যাডমিরাল ট্রিবিউটস
    সাবমেরিন বিধ্বংসী রুশ যুদ্ধাজাহাজ অ্যাডমিরাল ট্রিবিউটস

সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই ও জলদস্যুতা প্রতিরোধের জন্য ফিলিপাইনের সঙ্গে যৌথ নৌমহড়া চালাবে রাশিয়া। রুশ নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় বহরের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এদুয়ার্ক মিখাইলভ আজ (মঙ্গলবার) এ কথা জানিয়েছেন।

আজই রাশিয়ার দুটি যুদ্ধজাহাজ রাজধানী ম্যানিলার একটি বন্দরে ভিড়েছে। এতে রয়েছে সাবমেরিন বিধ্বংসী যুদ্ধাজাহাজ ‘অ্যাডমিরাল ট্রিবিউটস’ এবং সি ট্যাংকার ‘বোরিস বুতোমা’। চারদিনের সফরে এসব যুদ্ধজাহাজ ম্যানিলা গেছে।

এদুয়ার্ক মিখাইলভ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, “সরকার হয়ত এ ধরনের মহড়ার বিষয়ে ম্যানিলা সরকারের সঙ্গে আলোচনা করবে। আমরা খুবই নিশ্চিত যে, ভবিষ্যতে আমরা ফিলিপাইনের সঙ্গে এ ধরনের মহড়ায় অংশ নেব।”

অ্যাডমিরাল মিখাইলভ জানান, ফিলিপাইনের সামরিক বাহিনীকে সন্ত্রাস-বিরোধী লড়াইয়ের সক্ষমতা দেখানোর জন্য বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম আনা হয়েছে। তিনি আরো বলেন, “বিশ্বের এ মুহূর্তের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সন্ত্রাসবাদ; আমরা ফিলিপাইনের সেনাদেরকে দেখাব আমরা কী পারি; আর তারা দেখাবে তারা কী পারে।”

আমেরিকার সঙ্গে যখন ফিলিপাইনের সম্পর্কে বড় রকমের অচলাবস্থা দেখা দিয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলছেন তখন এ মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩