পোল্যান্ডে ৩,৫০০ মার্কিন সেনা মোতায়েন: রাশিয়ার তীব্র প্রতিক্রিয়া
-
বৃহস্পতিবার জার্মানি থেকে পোল্যান্ডে প্রবেশ করে মার্কিন সেনার বহর
পূর্ব ইউরোপের দেশ পোল্যান্ডে প্রায় ৩,৫০০ সেনা মোতায়েন করেছে আমেরিকা। আর এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়া।
বৃহস্পতিবার জার্মানি থেকে কয়েকশ’ ট্যাংক ও সাজোয়া যানের বহর নিয়ে সাড়ে তিন হাজার মার্কিন সেনা পোল্যান্ডে প্রবেশ করে। সাবেক সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকার মধ্যে ১৯৯১ সালে শীতল যুদ্ধ শেষ হওয়ার পর এই প্রথম ইউরোপের কোনো দেশে এত বিপুল সংখ্যক মার্কিন সেনা মোতায়েন করা হলো।
এ ঘটনাকে ‘রাশিয়ার স্বার্থ ও নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি’ হিসেব বর্ণনা করেছে মস্কো। রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘একটি তৃতীয় দেশ ইউরোপে আমাদের সীমান্তের কাছে সামরিক সমাবেশ ঘটিয়েছে। ’ তিনি আরো বলেন, ‘এমনকি এটি ইউরোপের কোনো দেশও নয়।’
এ ছাড়া, রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী অ্যালেক্সি মেশকভ পোল্যান্ডে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েনের ঘটনাকে ‘ইউরোপের নিরাপত্তা বিঘ্নিত করার প্রচেষ্টা’ বলে মন্তব্য করেছেন।
তবে পোল্যান্ডের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী তমাজ জাতকোভোস্কি দাবি করেছেন, তার দেশের সীমান্তের কাছে রাশিয়ার ‘বিশাল সামরিক উপস্থিতি’র কারণে এসব মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। তিনি এক্ষেত্রে ইউক্রেন পরিস্থিতি এবং রুশ ফেডারেশনে ক্রিমিয়া প্রজাতন্ত্রের অন্তর্ভূক্তির কথা উল্লেখ করেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৩