আলোচনায় ফেরার ইচ্ছা ব্যক্ত করেছে আফগান তালেবানের প্রধান অংশ
https://parstoday.ir/bn/news/world-i8260-আলোচনায়_ফেরার_ইচ্ছা_ব্যক্ত_করেছে_আফগান_তালেবানের_প্রধান_অংশ
আফগানিস্তানে মোল্লা আখতার মানসুরের নেতৃত্বাধীন তালেবানের প্রধান অংশ কাবুল সরকারে প্রতিনিধিদের সঙ্গে আলোচনার টেবিলে ফিরে আসতে পারে। কাবুলে সহিংসতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে শান্তি প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার পরও তালেবানের প্রধান অংশ আলোচনায় ফিরতে পারে বলে ধারণা করা হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০২, ২০১৬ ০৬:৫৫ Asia/Dhaka
  • আলোচনায় ফেরার ইচ্ছা ব্যক্ত করেছে আফগান তালেবানের প্রধান অংশ

আফগানিস্তানে মোল্লা আখতার মানসুরের নেতৃত্বাধীন তালেবানের প্রধান অংশ কাবুল সরকারে প্রতিনিধিদের সঙ্গে আলোচনার টেবিলে ফিরে আসতে পারে। কাবুলে সহিংসতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে শান্তি প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার পরও তালেবানের প্রধান অংশ আলোচনায় ফিরতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাজধানী ইসলামাবাদে এ গোষ্ঠীর মধ্যস্থতাকারীদের সঙ্গে পাকিস্তান কর্তৃপক্ষের আলোচনার সময়ে শান্তি প্রক্রিয়ায় ফিরে আসার ইচ্ছে ব্যক্ত করে তালেবান। এ আলোচনার বিষয়ে অবহিত পাক কর্তৃপক্ষ দেশটির একটি সংবাদ মাধ্যমকে এটি জানিয়েছে। অবশ্য বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তারা কেউ নাম প্রকাশ করতে চান নি।

নাজুক সংহতি প্রক্রিয়া শুরুর জন্য গত মাসে তালেবানের কাতার দফতর থেকে তিন সদস্যের একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করে। আফগান শরণার্থী এবং সীমান্ত নিয়ে আলোচনার জন্য দলটি পাকিস্তান সফর করেছে বলে তালেবানের পক্ষ থেকে দাবি করা হয়েছে। কিন্তু পাক কর্মকর্তারা বলছেন, কাবুলের সঙ্গে মুখোমুখি আলোচনার সম্ভাব্যতা যাচাই করাই ছিল তালেবানের এ সফরের উদ্দেশ্য।

পাকিস্তান ও আফগানিস্তানে আটক তালেবান বন্দিদের মুক্তি দেয়াসহ কিছু সুনির্দিষ্ট ছাড় দেয়া হলে শান্তি সংলাপে যোগ দেয়ার ইচ্ছে তালেবান ব্যক্ত করেছে। তালেবানের আলোচনার বিষয়ে অবহিত এক পাক কর্মকর্তা এ তথ্য দিয়েছেন।

তালেবানের সঙ্গে পাকিস্তান কর্মকর্তাদের এ আলোচনায় চীনা প্রতিনিধিরাও যোগ দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আলোচনার জন্য অনুকূল পরিবেশ দরকার বলে চীনের পক্ষ থেকে পরিষ্কার ভাষায় তালেবানকে জানিয়ে দেয়া হয়েছে। এ জন্য আফগানিস্তানের ভেতরে সহিংসতা বন্ধ করতে হবে বলে তালেবানকে জানানো হয়।#

মূসা রেজা/২