ইউক্রেনে অসামরিক অঞ্চল গঠনে সম্মত হলো মস্কো-কিয়েভ
মস্কো এবং কিয়েভ ইউক্রেনের পূর্বাঞ্চলে অসামরিক অঞ্চল গঠনের বিষয়ে সম্মত হয়েছে। রুশপন্থি যোদ্ধারা যেসব অঞ্চলে রয়েছে সেখানে অসামরিক অঞ্চল গঠন করা হবে বলে জানিয়েছে জার্মানি।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ওয়াল্টার স্টেইনমেয়ার এ ঘোষণা দিয়েছেন। বার্লিনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী প্যাভলো কিলিমকিন এবং ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন মার্ক আরিয়াল্টের সঙ্গে বৈঠকের পর বুধবার এ ঘোষণা দেয়া হয়।
স্টেইনমেয়ার বলেন, নতুন ব্যবস্থা বাস্তবায়ন করা হলে আলোচনার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ নেয়া হবে। এতে নাজুক যুদ্ধবিরতি জোরদার হবে বলেও জানান তিনি।
বার্লিনের তিন ঘণ্টার বৈঠকে আরো কিছু বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসবের মধ্যে রাশিয়া ও ইউক্রেনের ভেতরে তথ্য আদান-প্রদান করা এবং সীমান্ত রেখার কাছাকাছি এলাকাগুলোতে দু পক্ষের সামরিক মহড়া বন্ধ করার বিষয় রয়েছে। এসব সীমান্তরেখার মাধ্যমে রুশপন্থি এবং ইউক্রেন নিয়ন্ত্রিত এলাকা বিভক্ত হয়ে আছে।
স্টেইনমেয়ার আরো জানান, সংঘাত নিরসনের পদক্ষেপ দ্রুততর করার বিষয়েও সম্মত হয়েছে রাশিয়া এবং ইউক্রেন। অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ'র নজরদারিতে দু পক্ষ এটি করতে সম্মত হয়েছে বলে জানান তিনি।#
মূসা রেজা/১২