খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির এমপিদের মানববন্ধন
https://parstoday.ir/bn/news/bangladesh-i100268-খালেদা_জিয়ার_বিদেশে_চিকিৎসার_দাবিতে_বিএনপির_এমপিদের_মানববন্ধন
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি পাওয়ার দাবিতে জাতীয় সংসদের সামনে মানববন্ধন করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্যরা।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ২১, ২০২১ ১০:২০ Asia/Dhaka
  • জাতীয় সংসদের সামনে বিএনপি এমপিদের মানববন্ধন
    জাতীয় সংসদের সামনে বিএনপি এমপিদের মানববন্ধন

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি পাওয়ার দাবিতে জাতীয় সংসদের সামনে মানববন্ধন করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্যরা।

আজ (রোববার) বেলা সাড়ে ১১টার দিকে সংসদ ভবনের উত্তরে গেটের সামনের সড়কে বিএনপির ছয় সংসদ সদস্য এ মানববন্ধন করেন। এমপি জাহিদুর রহমান অসুস্থ থাকায় মানববন্ধনে উপস্থিত হতে পারেননি। 

মানববন্ধনে গোলাম মোহাম্মদ সিরাজ এমপি বলেন, খালেদা জিয়া আজকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। সেখানে  চিকিৎসক, পরিবার, দল সবার বক্তব্য উপেক্ষা করা হচ্ছে।

তিনি বলেন, আইনমন্ত্রী যা বলছেন, তা পাগলের প্রলাপ। আমি বলতে চাই ৪০১ ধারার বহু নেগেটিভ-পজিটিভ বক্তব্য দিয়েছেন। আমরা সোজা বাংলায় বলতে চাই আপনি বলেছেন যে, হাজতে ঢুকতে হবে। জেলে ঢুকে আবার আবেদন করতে হবে। তাহলে ম্যাডাম জিয়া যে বাড়িতে আছেন সেই বাড়িকে সাবজেল ঘোষণা করা হোক। সেই বাড়িকে সাবজেল ঘোষণা করে সেখান থেকেই তো আবেদন নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে তাকে বিদেশে পাঠানো যায়। সরকার আমাদেরকে কী দেখায়? 

এ সময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য হারুনুর রশীদ, উকিল আব্দুস সাত্তার, মোশারফ হোসেন, আমিনুল ইসলাম ও রুমিন ফারহানা।

স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন ২০-দলীয় জোটের শরিক পাঁচটি দলের নেতারা

এদিকে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে স্মারকলিপি দিয়েছেন ২০-দলীয় জোটের শরিক পাঁচটি দলের নেতারা। 

আজ (রোববার) দুপুরে জোটের কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ স্মারকলিপি দেয়। 

ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিদেশে খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা স্মারকলিপি দিয়েছি। তিনি স্মারকলিপিটি আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন।    

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কারি এমএ তাহের, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।