মুক্তিযোদ্ধারা গর্বভরে বলতে পারেন ‘আমি মুক্তিযোদ্ধা': শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i36322-মুক্তিযোদ্ধারা_গর্বভরে_বলতে_পারেন_আমি_মুক্তিযোদ্ধা'_শেখ_হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশপ্রেমিক এবং ভালো নৈতিক চরিত্রের অধিকারী হিসেবে গড়ে ওঠার জন্যই ভবিষ্যত প্রজন্মকে দেশের ইতিহাস জানা খুবই গুরুত্বপূর্ণ। দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্যই তাদের ইতিহাস জানতে হবে।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
এপ্রিল ১৬, ২০১৭ ১৪:২০ Asia/Dhaka
  • মুক্তিযুদ্ধ জাদুঘরের নবনির্মিত বহুতল ভবন ঘুরে দেখছেন শেখ হাসিনা
    মুক্তিযুদ্ধ জাদুঘরের নবনির্মিত বহুতল ভবন ঘুরে দেখছেন শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশপ্রেমিক এবং ভালো নৈতিক চরিত্রের অধিকারী হিসেবে গড়ে ওঠার জন্যই ভবিষ্যত প্রজন্মকে দেশের ইতিহাস জানা খুবই গুরুত্বপূর্ণ। দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্যই তাদের ইতিহাস জানতে হবে।

আজ (রোববার) রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের নবনির্মিত বহুতল ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যেন জানতে পারে যে কত মহান ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। সেই স্মৃতিচিহ্নগুলো তারা দেখবে। সেই স্মৃতিগুলি তারা উপলদ্ধি করবে। অন্তরে ধারণ করবে এবং সেভাবেই নিজেদের চরিত্রকে গঠন করবে, দেশপ্রেমে তারা উদ্বুদ্ধ হবে।’

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে পঁচাত্তরের পর এমন একটা সময় এসেছিল- তখন যারা মুক্তিযোদ্ধা, তারা মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এটা বলতে ভয় পেত। এটুকু বলতে আতঙ্কগ্রস্ত হতো, দ্বিধাগ্রস্ত হতো।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন,  বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পর তাকে ঘিরে সমালোচনাই হত্যাকাণ্ডের সুযোগ তৈরি করে দিয়েছিল বাহাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফেরার পর ১৯৭৫ এর ১৫ ‌আগস্ট পর্যন্ত তার প্রায় প্রতিটি কাজের সমালোচনা করা হয়েছে মন্তব্য করে বঙ্গবন্ধুকন্যা বলেন, সদ্যস্বাধীন দেশের পুনর্গঠনে যে সময় তাকে দেয়া প্রয়োজন ছিল তা দেয়া হয়নি। সেই ৭২ সালে ফিরে আসার পর থেকে যারা সমালোচনা, সমালোচনা, লেখা ... আমার এখন মাঝে মাঝে মনে হয়, এই লেখালেখি, সমালোচনার মধ্য দিয়ে ১৫ আগস্ট… পঁচাত্তরের ঘটনা ঘটাবার, যেন একটা সুযোগ সৃষ্টি করে দেয়া।”

প্রধানমন্ত্রী বলেন, সত্য কোনদিন চাপা থাকে না। সত্যের শক্তি অনেক বেশি। আজকে সেটাই প্রমাণিত হয়েছে। মুক্তিযুদ্ধের সেই চেতনা ফিরে এসেছে।

প্রধানমন্ত্রী বলেন, আমি অন্তত এটুকু দাবি করতে পারি ২১ বছর পর সরকার গঠন করে আমাদের গৃহীত পদক্ষেপে মুক্তিযোদ্ধারা গর্বভরে বলতে পারেন ‘আমি মুক্তিযোদ্ধা।’

উল্লেখ্য, ১৯৯৬ সালের ২২ মার্চ রাজধানীর সেগুনবাগিচায় একটি ভাড়া করা বাড়িতে শুরু হয় মুক্তিযুদ্ধ জাদুঘরের কার্যক্রম। ২১ বছর পর জাদুঘর তার নিজস্ব ভবনে স্থানান্তর হল। তিনটি বেসমেন্টসহ নয়তলা এই ভবন নির্মাণের জন্য বাংলাদেশ সরকার জাদুঘর কর্তৃপক্ষকে জমি এবং আর্থিক অনুদান দিয়েছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৬