রোজার পর নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেবে বিএনপি: মোশাররফ
https://parstoday.ir/bn/news/bangladesh-i38658-রোজার_পর_নির্বাচনকালীন_সহায়ক_সরকারের_রূপরেখা_দেবে_বিএনপি_মোশাররফ
পবিত্র রমজানের পরেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহায়ক সরকারের রূপরেখা ঘোষণা করবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ২৫, ২০১৭ ১৩:৫১ Asia/Dhaka
  • ড. খন্দকার মোশাররফ হোসেন
    ড. খন্দকার মোশাররফ হোসেন

পবিত্র রমজানের পরেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহায়ক সরকারের রূপরেখা ঘোষণা করবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ (বৃহস্পতিবার) দুপরে জাতীয় প্রেস ক্লাবে '৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য' আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা জানান। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের মুক্তির দাবিতে ওই সমাবেশের আয়োজন করা হয়।

লেভেল প্লেয়িং ফিল্ড আর সহায়ক সরকার বাস্তবায়ন ছাড়া নির্বাচন কমিশনের রোডম্যাপ সফল হবে না মন্তব্য করে খন্দকার মোশাররফ বলেন, জাতীয় নির্বাচনের ইসি রোডম্যাপ দিয়েছে। রোডম্যাপ বা রাস্তা কোথায় হয়? সমতল ভূমি থাকলে রাস্তা বানানো সম্ভব হয়। সমান সুযোগ ও সমতল মাঠ তৈরি করতে হবে। আর এজন্য লেভেল প্লিয়ং ফিল্ড থাকতে হবে। এটা না করে আপনি যতই রাস্তা বানান না কেনো সেই রাস্তা নির্মাণ সম্ভব হবে না। রোডম্যাপ ঠিক করুন, আমরা সহযোগিতা করব।

এ বিএনপি নেতা বলেন, বিএনপির এসব দাবি উপেক্ষা করে দেশে আবারও ৫ জানুয়ারির মতো নির্বাচনের স্বপ্ন পুরণ হবে না। সরকার এ ধরণের কোনো উদ্যোগ নিলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন মোশাররফ। 

বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয় তল্লাশির সমালোচনা করে তিনি বলেন, খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশির বিষয়ে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিরা জানেন না। এই তল্লাশি নাকি গোয়েন্দা সংস্থার পরামর্শ হয়েছে। সরকারের কাছে আমার প্রশ্ন, গোয়েন্দা সংস্থার পরামর্শ আপনাদের জন্য ভালো হয়েছে নাকি খারাপ? এ ধরনের কাজের মাধ্যমে সরকার তাদের দুর্বলতা প্রকাশ করেছে বলেও জানান এ বিএনপি নেতা।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

অনুষ্ঠানে, দলের কোনো নেতাকর্মীকে জেলে রেখে বিএনপি নির্বাচনে যাবে না বলে জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, কাউকে জেলে রেখে আমরা নির্বাচনে যাবে না। তাদের (সরকার) বিরুদ্ধে কার্যকর গণআন্দোলন গড়ে তুলে আমরা দেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনবো।

দুদু আরও বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আগে নির্বাচন কমিশনকে তিনটি শর্ত মানতে হবে। প্রথম শর্ত, খালেদা জিয়া ও তারেক রহমানসহ সব নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। দ্বিতীয় শর্ত, সব রাজবন্দির মুক্তি দিতে হবে। আর তৃতীয় শর্ত, যারা ৫ জানুয়ারি মার্কা নির্বাচন করে লুটপাট করছে, যাদের লজ্জা শরম কিছু নেই তারা ক্ষমতায় থাকতে পারবে না। নির্বাচনকালীন সহায়ক সরকার থাকবে।

তিনি বলেন, এই তিনটি শর্ত মেনে নিলে তার পরের দিন বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেবে। এর বাইরে যতো চেষ্টাই করা হোক, বাংলাদেশে কোনও জাতীয় নির্বাচন হবে না। হতে দেওয়া হবে না। বিএনপি সিদ্ধান্ত নিলে সরকার ক্ষমতায় থাকতে পারবে না বলেও জানান শামসুজ্জামান দুদু।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৫