অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিন: সরকারের প্রতি মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i42302-অবাধ_সুষ্ঠু_নিরপেক্ষ_নির্বাচন_দিন_সরকারের_প্রতি_মির্জা_ফখরুল
বাংলাদেশের বর্তমান সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, 'এবার যদি ক্ষমতায় আসতে না পার তাহলে তোমরা পালানোর পথ পাবে না।' আওয়ামী লীগ নেতাকর্মীরা যে অপরাধ করেছে-হত্যা, গুম, যখন, দুর্নীতি, লুটপাট করেছে এ কারণে তারা পালানোর পথ পাবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৭, ২০১৭ ১৩:০৩ Asia/Dhaka
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের বর্তমান সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, 'এবার যদি ক্ষমতায় আসতে না পার তাহলে তোমরা পালানোর পথ পাবে না।' আওয়ামী লীগ নেতাকর্মীরা যে অপরাধ করেছে-হত্যা, গুম, যখন, দুর্নীতি, লুটপাট করেছে এ কারণে তারা পালানোর পথ পাবে না।

আজ (সোমবার) দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে এক  সেমিনারে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, স্পষ্ট করে বলতে চাই, আপনাদের পালানোর পথ একটাই আছে, দেশের সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সব দলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। অন্যথায় সত্যি সত্যিই দেশের মানুষ তাদের পালানোর পথও দেবে না।

বিএনপির ভিশন-২০৩০; নারী সমাজের উন্নয়ন ও অগ্রগতি' শীর্ষক এ  সেমিনারের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ জানে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না। দেশের জনগণ তাদের ভোট দেবে না। তাই আওয়ামী লীগ চায়, বিএনপি নির্বাচনে না আসুক।

নির্বাচন কমিশন গঠনের আবারও সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, প্রশ্নবিদ্ধ ব্যক্তির মাধ্যমে ইসি গঠন করা হয়েছে। তারপরও আমরা বলেছি, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করলে সমর্থন পাবেন। সম্প্রতি ইসি একাদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। খুব ভাল কথা। কিন্তু নির্বাচন করতে হলে সকল রাজনৈতিক দলগুলোকে একই রাস্তায় নিয়ে আসতে হবে, সেই রাস্তা কোথায়? রোড'ই যখন নেই তখন ম্যাপে কী হবে?

ইসির উদ্দেশ্য মির্জা ফখরুল বলেন, নির্বাচনি পরিবেশ তৈরি করুন। রাস্তা তৈরি করুন। অন্যথায় নির্বাচনি রোডম্যাপ স্বার্থক হবে না। আপনাদেরকেও ২০১৪ সালের ৫ জানুয়ারির মত কুকুর বিড়াল নিয়ে নির্বাচন করতে হবে, মানুষ তো ভোট কেন্দ্রে যাবে না। এসব ব্যর্থতার দায় আপনাদের নিতে হবে।

ভিশন ২০৩০'র নানা ইতিবাচক তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আমরা ওয়ান ডে ডেমোক্রেসি চাই না। প্রতি মুহুর্তে আমরা সর্বত্র গণতন্ত্র চাই।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭