আ. লীগ ২০১৪ সালের মতো নির্বাচন করতে পারবে না: ফখরুল
-
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ প্রমাণ করেছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার চ্যালেঞ্জ নিতে তারা অক্ষম। সে কারণে সংবিধানের নানা কথা বলে তারা বাধা দিচ্ছেন। সংবিধান তো কোনো বাইবেল না, সংবিধান মানুষের তৈরি।
শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে গেলে প্রয়োজনে সংবিধান পরিবর্তন করতে হবে। অতীতের মতো আমরা রাজনৈতিক দলগুলো যদি একত্রে আসতে পারি তাহলে সেটি পরিবর্তন করতে সময়ের ব্যাপার মাত্র।
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ ২০১৪ সালের মতো নির্বাচন করতে পারবে না। তাদের এবার নিরপেক্ষ নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।
মিজা ফখরুল বলেন, আওয়ামী লীগ কাউকেই গ্রাহ্য করে না, তারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল নয়। তারা বিরোধীদলকে দমনের জন্য গুম খুনের রাজনীতি করছে।
ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতার ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন হওয়ারও তীব্র নিন্দা জানিয়ে এর সুষ্ঠু বিচার দাবি জানান মির্জা ফখরুল।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২১