প্রধানমন্ত্রীর নির্দেশেই রায় নিয়ে খায়রুল হকের সমালোচনা: বিএনপি
https://parstoday.ir/bn/news/bangladesh-i43924-প্রধানমন্ত্রীর_নির্দেশেই_রায়_নিয়ে_খায়রুল_হকের_সমালোচনা_বিএনপি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের বর্তমান চেয়ারম্যান এবিএম খায়রুল হক বাংলাদেশ সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে আপিল বিভাগের দেয়া রায়ের সমালোচনা করেছেন, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ১১, ২০১৭ ১২:৪৭ Asia/Dhaka
  • বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ
    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের বর্তমান চেয়ারম্যান এবিএম খায়রুল হক বাংলাদেশ সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে আপিল বিভাগের দেয়া রায়ের সমালোচনা করেছেন, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

আজ (শুক্রবার) সকালে রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বিচারপতিদের অভিশংসন সংক্রান্ত ষোড়শ সংশোধনী বাতিলে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় নিয়ে বুধবার সংবাদ সম্মেলন করেন আইন কমিশনের চেয়ারম্যান খায়রুল হক। এ সময়, রায়ের সমালোচনা করে, এ রায় আগে থেকেই লিখে রাখা হয়েছে। বিচার বিভাগ অপরিপক্ব। এ রায় অগণতান্ত্রিক ও পূর্বপরিকল্পিত। রায়ে সংবিধানের অপব্যাখ্যা করা হয়েছে। এমন বিভিন্ন বক্তব্য দেন তিনি।

ভবিষ্যতে বড় পুরস্কারের আশায় খায়রুল হক এমন মনগড়া সমালোচনা করেছেন উল্লেখ করে রিজভী আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছেন, পরে এর পুরস্কার হিসেবে আইন কমিশনের চেয়ারম্যান হয়েছেন। আবার প্রধানমন্ত্রীর নির্দেশেই ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের সমালোচনা করেছেন। ভবিষ্যতে হয়তো আরো বড় কোন পুরস্কারের আশায় তিনি মনগড়া কথা বলেছেন।

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নির্বাচনহীন এক ব্যক্তির দুঃশাসন চালু রাখতে সহায়তা করে দেশের স্থিতিশীলতা ধ্বংস করেন তিনি। দেশের গণতন্ত্রের জন্য সর্বোচ্চ খারাপ নজির স্থাপন করে গেছেন। ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ে আরো দুই মেয়াদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখা কথা বললেও লিখিত পূর্ণাঙ্গ রায়ে তা বাদ দিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছিলেন খায়রুল হক।

রিজভী আরও বলেন, খায়রুল হক প্রধান বিচারপতি থাকা অবস্থায় একটি রায়ে বলেছিলেন, সর্বোচ্চ আদালতের বিচারক অবসরের পর লাভজনক কোনো পদে চাকরি করতে পারবেন না। অথচ তিনিই অবসরের পর আইন কমিশনের চেয়ারম্যান হয়েছেন। তিনি কত বড় ভণ্ড হলে নিজের রায়ের কথা নিজেই ভঙ্গ করতে পারেন। যুক্তি, বিবেকবর্জিত ও চাকরিলোভী হিসেবে ইতিহাসের আস্তাকুঁড়ে তার ঠাঁই হবে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কর্মসূচি :

আইন কমিশনের চেয়ারম্যানের পদ থেকে এবিএম খায়রুল হকের পদত্যাগ ও গ্রেফতার, সরকারের মন্ত্রীদের সুপ্রিম কোর্টকে হেয় করে দেয়া বক্তব্যের প্রতিবাদ এবং নিম্ন আদালতের বিচারকদের চাকরি বিধিমালার গেজেট প্রকাশের দাবিতে আগামী রোববার, বুধ ও বৃহস্পতিবার সারাদেশে সকল বারে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১১