পূর্ণাঙ্গ রায় ঘোষণার পরে আ.লীগ তেলে-বেগুনে জ্বলে উঠেছে: ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i43956-পূর্ণাঙ্গ_রায়_ঘোষণার_পরে_আ.লীগ_তেলে_বেগুনে_জ্বলে_উঠেছে_ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় ঘোষণার পরে আওয়ামী লীগ তেলে-বেগুনে জ্বলে উঠেছে। তারা এমন সব মন্তব্য করছে যেগুলো শুধু অশালীনই নয়, আদালত অবমাননারও শামিল।’
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১১, ২০১৭ ১৯:১০ Asia/Dhaka
  • পূর্ণাঙ্গ রায় ঘোষণার পরে আ.লীগ তেলে-বেগুনে জ্বলে উঠেছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় ঘোষণার পরে আওয়ামী লীগ তেলে-বেগুনে জ্বলে উঠেছে। তারা এমন সব মন্তব্য করছে যেগুলো শুধু অশালীনই নয়, আদালত অবমাননারও শামিল।’

আজ (শুক্রবার) বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, হাইকোর্টে সাজাপ্রাপ্ত একজন মন্ত্রী, যার নিজের মন্ত্রিত্বই থাকা উচিত নয়, তিনি আবার গতকাল (বৃহস্পতিবার) প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেছেন। খুব চিৎকার করে কথা বলেছেন। আমি বলতে চাই, আগে নিজের মুখের দিকে তাকান। নিজেদের চেহারা আয়নাতে দেখুন। দেখুন আপনারা কোথায় নিয়ে গেছেন রাষ্ট্রকে, কোথায় নিয়ে গেছেন দেশকে। একটা দানবীয় সরকারের পরিণত হয়েছেন আপনারা, দানবের মতো সবকিছুকে ধ্বংস করে দিচ্ছেন- গণতন্ত্র ধ্বংস করছেন, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছেন, মানুষের মূল্যবোধকে ধ্বংস করে দিচ্ছেন। আপিল বিভাগের রায়ের মধ্য দিয়ে সত্য কথা বেরিয়ে এসেছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে পাল্টা অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি নয়, আওয়ামী লীগই পেছনে দরজা দিয়ে আবারও ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে। আমরা বরাবরই দেখেছি, বাংলাদেশে ক্ষমতায় আসার জন্য এই দলটি পেছন দরজা দিয়ে চেষ্টা চালায়। এবারও তারা জনগণকে ভুল বুঝিয়ে আবারও পেছনে দরজা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ তুলে বিএনপি মহাসচিব বলেন, ‘তারা মনে করেছে, আবারও ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একটি একতরফা একদলীয় নির্বাচন করে ক্ষমতায় আসবে। আমরা আবারও বলছি, ২০১৪ সালে যে নির্বাচন হয়েছে, সেটা ২০১৮ সালে হবে না। এ দেশের মানুষ তা মেনে নেবে না।’

খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে ক্ষমতাসীন দলের অপপ্রচারের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা শুক্রবারের মত শনিবারও সারা দেশে মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় আমাদের দেশনেত্রীর দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা জানাতে একই কর্মসূচি করবো। আসুন আমরা আল্লাহ তায়ালার কাছে  দোয়া করি, তিনি  যেন অতি দ্রুত আমাদের দেশনেত্রীকে সুস্থ করে আমাদের মাঝে নিয়ে আসেন। একই সঙ্গে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সুস্থ করে আমাদের মাঝে নিয়ে আসেন।

দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, ওলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেকসহ বিএনপি মহানগর ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।#

পার্সটুডে/এআর/১১