সূ চি'র প্রতি মোদির সমর্থনে আমরা বিস্মিত, হতবাক: রিজভী
-
বক্তব্য রাখছেন বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী
রোহিঙ্গাদের ওপর সহিংসতার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সূ চির বক্তব্যকে সমর্থন দেয়ায় বিস্ময় প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।
আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীতে এক মানববন্ধন কর্মসূচিতে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, “বিশ্বের অন্যতম প্রধান গণতান্ত্রিক দেশ বলে দাবি করে ভারত। মোদি সাহেব অং সান সূ চি'র নীতিকে সমর্থন করলেন। এতে আমরা বিস্মিত, আমরা হতবাক হয়ে গেলাম।”
জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘রোহিঙ্গা হত্যাযজ্ঞ বন্ধ করো’ লেখা ব্যানার নিয়ে এই মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।
সমাবেশে মিয়ানমারের নেত্রী সূ চি'র সমালোচনা করে রিজভী বলেন, রোহিঙ্গারা রাখাইন রাজ্যে বাস করতে শত শত বছর ধরে। মিয়ানমারের মুসলমানের কোনো মানবাধিকার থাকবে না, মুসলমান তার নিজ বাড়িতে বসবাস করতে পারবে না, এমনকি তারা নিজ দেশে থাকতে পারবে না- এ কেমন নীতি?
বাংলাদেশে লাখ লাখ রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটনা উল্লেখ করে রিজভী অভিযোগ করেন, এ সঙ্কট সমাধানে সরকার যথাযথ কূটনীতিক তৎপরতা নিতে ব্যর্থ হয়েছে।
রিজভী বলেন, “আজকে আন্তর্জাতিকভাবে বিভিন্ন মুসলিম দেশ যেভাবে সোচ্চার হয়েছে, জাতিসংঘ যেভাবে প্রতিবাদ করছে, অন্যান্য দেশ যেভাবে কথা বলছে, তাতে বাংলাদেশের সরকারের কাছ থেকে সোচ্চার হয়ে জোরালো একটা অবস্থান দেখা যাচ্ছে না। বাংলাদেশ সরকারের ভাবটা এমন যেন, ওরা মরুক, ওরা পঁচুক, ওরা নাফ নদীর পানিতে ভেসে যাক, কারো কোনো দায়িত্ব নেই।”
জাতিসংঘেরসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন ও মানবাধিকার সংস্থাসমূহ রাখাইনে রোহিঙ্গা বিরোধী সহিংসতার প্রতিবাদ করে জানিয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী ও পুলিশ সেখানে গণহত্যা চালাচ্ছে ।
এ অবস্থায় মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি দাবি করেছেন, রাখাইন রাজ্যের সবাইকে সুরক্ষা দিচ্ছে তার সরকার। তিনি দাবী করেছেন, ভুয়া ছবি ও খবরের মাধ্যমে বাস্তব পরিস্থিতিকে বিকৃত করে সন্ত্রাসীদের স্বার্থে প্রচার করা হচ্ছে।
এর মধ্যেই বুধবার পূর্ব নির্ধারিত মিয়ানমার সফরে গিয়ে রাখাইনে সহিংসতার জন্য কথিত বিদ্রোহীদের দায়ী করে এই ইস্যুতে মিয়ানমারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে ৪০ হাজারের মতো রোহিঙ্গা আশ্রিত রয়েছে। মোদী বলছেন, তাদেরকেও ভারত থেকে তাড়িয়ে দেয়া হবে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৬