ঢাকা-কাঠমান্ডু পরীক্ষামূলক বাস চলাচল শুরু
https://parstoday.ir/bn/news/bangladesh-i56218-ঢাকা_কাঠমান্ডু_পরীক্ষামূলক_বাস_চলাচল_শুরু
ঢাকা থেকে কাঠমান্ডুর পথে সড়ক যোগাযোগের সম্ভাব্যতা যাচাই করতে আজ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি’র তত্ত্বাবধানে পরীক্ষামূলকভাবে বাস যাত্রা শুরু হয়েছে।
(last modified 2026-02-17T14:37:08+00:00 )
এপ্রিল ২৩, ২০১৮ ১৭:০২ Asia/Dhaka
  • ঢাকা-কাঠমান্ডু পরীক্ষামূলক বাস চলাচল শুরু

ঢাকা থেকে কাঠমান্ডুর পথে সড়ক যোগাযোগের সম্ভাব্যতা যাচাই করতে আজ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি’র তত্ত্বাবধানে পরীক্ষামূলকভাবে বাস যাত্রা শুরু হয়েছে।

আজ (সোমবার) সকাল সোয়া নয়টার দিকে ঢাকার কমলাপুরে বিআরটিসির টার্মিনাল থেকে শ্যামলী পরিবহনের দুটি বাস সড়কপথে ঢাকা থেকে ভারতের শিলিগুড়ি হয়ে নেপালের কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়েছে। 

পরীক্ষামূলক এই যাত্রায় নেতৃত্বে আছেন বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুঁইয়া। দুটি বাসে বাংলাদেশ, ভারত, নেপাল ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৪৪ জন প্রতিনিধি রয়েছেন। বাসটি ২৬ এপ্রিল কাঠমান্ডুতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

ঢাকা থেকে কাঠমান্ডুর দূরত্ব ১ হাজার ১০০ কিলোমিটার। এই দূরত্ব অতিক্রম করতে ৩০ ঘণ্টার মতো সময় লাগবে। তবে পরীক্ষামূলকভাবে যাত্রা করা বাসটি সড়কের অবস্থা ও অন্যান্য বিষয় যাচাই করে পথ এগুবে।

ঢাকা থেকে রওনা দেয়ার পর আজ যাত্রীরা রংপুরে যাত্রাবিরতি করবেন। এরপর শিলিগুড়ি হয়ে নেপালের কাঁকরভিটা সীমান্তে মঙ্গলবার অবস্থান করে পরদিন রওনা দিয়ে ২৬ এপ্রিল সকালে কাঠমান্ডু পৌঁছাবে।

বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবিআইএন) মধ্যে সড়কপথে যাত্রী পরিবহনে লক্ষ্য নিয়ে ২০১৫ সালে এই চার দেশ একটি চুক্তি করে। পরে ভুটান চুক্তি থেকে সরে দাঁড়ায়। এরপর ভুটানকে বাদ দিয়ে বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে বাস চলাচলের উদ্যোগ নেয়া হয়।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৩