ঢাকায় বোমা বিস্ফোরণে ২ পুলিশ সদস্য আহত: দায় স্বীকার করেছে আইএস
বাংলাদেশের রাজধানী ঢাকার সায়েন্স ল্যাবরেটরি মোড়ে গতরাতে (শনিবার ৩১ আগস্ট) পুলিশকে লক্ষ্য করে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দু’জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় সারাদেশে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার রাত ৯টার দিকে রাজধানীর জনাকীর্ণ সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পুলিশ বক্সের সামনে বোমা হামলার সময় স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামকে বহনকারী গাড়ি পুলিশের পাহারায় ওই এলাকা মোড় অতিক্রম করছিল। এ হামলায় আহতদের একজন এএসআই শাহাবুদ্দিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলামের প্রটোকলের সদস্য বলে জানিয়েছেন রমনা জোনের (ধানমন্ডি) সহকারী কমিশনার (এসি) মো. হাসিনুজ্জামান।
তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া দাবি করেছেন, দুর্বৃত্তরা সায়েন্স ল্যাবরেটরি পুলিশ বক্সকে টার্গেট করেই বোমা হামলাটি ঘটায়।
এদিকে, সায়েন্স ল্যাবরেটরি পুলিশ বক্সের সামনে চালানো ককটেল হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসীগোষ্ঠী আইএস বা দায়েশ। জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী মার্কিন ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স’ এই তথ্য জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শনিবার রাত ৯ টা ২০ মিনিটের দিকে বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটে। দুই পুলিশ সদস্যের পা ও হাতে গুরুতর জখম হলে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাতে আহত পুলিশ সদস্যকে দেখতে ঢামেক হাসপাতালে এসে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিছু আলামত পাওয়া গেছে। লক্ষ্যবস্তু কী ছিল এই মুহূর্তে ধারণা করা সম্ভব না।’
তিনি জানান, ‘ঘটনাস্থলে যে আলামত পাওয়া গেছে তা বোম ডিস্পোজাল ইউনিট, কাউন্টার টেরিরিজম ইউনিট আলামত পর্যবেক্ষণ করছে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।