বাংলাদেশে কোয়ারেন্টাইনে ৪০ জন: স্কুল-কলেজ বন্ধের যুক্তি নেই- সচিব
https://parstoday.ir/bn/news/bangladesh-i78126-বাংলাদেশে_কোয়ারেন্টাইনে_৪০_জন_স্কুল_কলেজ_বন্ধের_যুক্তি_নেই_সচিব
বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টিকারী করোনাভাইরাস এখন বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। গতকাল ইতালিফেরত দু’জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তাদের মধ্যে একজনের সংস্পর্শে আসা ৪০ জনকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। এ অবস্থায় সীমিত করা হয়েছে মুজিববর্ষের অনুষ্ঠানমালা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আতঙ্কিত না হয়ে সচেতন হতে বলেছেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ০৯, ২০২০ ১৫:৪৪ Asia/Dhaka
  • বাংলাদেশে কোয়ারেন্টাইনে ৪০ জন: স্কুল-কলেজ বন্ধের যুক্তি নেই- সচিব

বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টিকারী করোনাভাইরাস এখন বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। গতকাল ইতালিফেরত দু’জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তাদের মধ্যে একজনের সংস্পর্শে আসা ৪০ জনকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। এ অবস্থায় সীমিত করা হয়েছে মুজিববর্ষের অনুষ্ঠানমালা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আতঙ্কিত না হয়ে সচেতন হতে বলেছেন।

এদিকে, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম বলেছেন, করোনাভাইরাসের কারণে স্কুল-কলেজ বন্ধের কোনো যুক্তি নেই, ভিত্তি নেই। তবে শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক আবুল কালাম আজাদ জানিয়েছেন, পরিস্থিতি মোকাবেলায় জেলা পর্যায়ে সরকারি হাসপাতালগুলোকে কন্ট্রোল রুম  স্থাপন করা সহ প্রয়েআজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা আজ নিয়মিত ব্রিফিংয়ে বলেছেন, দেশে এ পর্যন্ত সনাক্ত রোগীর সংখ্যা তিনজনই।

করোনা সংক্রমণের কথা গোপন করেছে সরকার: ফখরুল

তবে, বিএনপি মহাসচিব ফখরুল অভিযোগ করেছেন, করোনা সংক্রমণের কথা গোপন করেছে সরকার। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে ফখরুল বলেছেন, জনমনে এমন ধারনা আগেই ছিল- এখন তা সত্য হয়ে দেখা দিয়েছে।

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচের টিকিট বিক্রি বন্ধ

গতকাল (রোববার) তিনজনের দেহে এই ভাইরাস শনাক্ত হওয়ার কারণে বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টিকিট বিক্রি বন্ধ করে দিয়ে দর্শকদের টিভিতে খেলা দেখতে বলা হয়েছে। 

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘জনসমাগম বেশি হয় এমন জায়গা থেকে করোনাভাইরাস ছড়ানোর সম্ভাবনা বেশি। আর সে জন্য জনস্বাস্থ্যের কথা চিন্তা করে প্রচুর জনসমাগম ঠেকাতে আমরা টিকিট বিক্রি কমিয়ে দিয়েছি। এখন আর টিকিট দেওয়া হচ্ছে না। এতে দর্শকরা কিছুটা হতাশ হলেও বৃহৎ স্বার্থে ঝুঁকি নেওয়া হয়নি। যারা মাঠে আসতে পারছেন না তাদের টিভিতে খেলা উপভোগ করার অনুরোধ করছি।’

পুঁজিবাজারে দরপতন অব্যাহত

ওদিকে, বাংলাদেশে করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর পুঁজিবাজারে সূচক পতনের গতি আরও তীব্র হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন শনাক্ত হওয়ায় আতঙ্কে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে দিচ্ছেন, যা শেয়ারবাজারকে ঠেলে দিয়েছে বড় পতনের দিকে।

আজ সোমবার প্রায় সব শেয়ারের দর কমায় ডিএসইএক্স সূচক ২০৩ পয়েন্ট হারিয়ে ৪ হাজার ৮২ পয়েন্টে নেমে আসে। সূচক পতনের হার ছিল পৌনে ৫ শতাংশ। বেলা ১১টা ২৬ মিনিটে সূচকটি রোববারের তুলনায় ২০১ পয়েন্ট হারিয়ে ৪ হাজার ৭৭ পয়েন্টে অবস্থান করছিল।

করোনার কারণে যাত্রী সংকট ও বিমান চলাচলে নিষেধাজ্ঞায় ১০ রুটে ফ্লাইট কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ৬১টির পরিবর্তে এখন থেকে ৩১ টি ফ্লাইট পরিচালনা করবে বিমান।

এ পরিস্থিতিতে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি’র পূর্বাভাস নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ। সংস্থাটি বলছে, করোনাভাইরাস সম্ভাব্য সবচেয়ে খারাপ দিকে গেলে বাংলাদেশ ৩০২ কোটি ১০ লাখ ডলার পর্যন্ত অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে পারে। এছাড়া, পরিস্থিতি এমন হলে প্রায় ৯ লাখ কর্মসংস্থান কমে যেতে পারে।

মিলছে না মাস্ক-স্যানিটাইজার

এদিকে, করোনা ভাইরাস চিহ্নিত হওয়ার পরপরই ফুটপাতে বিক্রি হওয়া ২০ থেকে ৩০ টাকা দামের মাস্ক এখন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। ওষুধের দোকানগুলোতে মিলছেই না হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, হেক্সিসলসহ জীবানুনাশক কোন কিছু।

আদালতে লোক সমাগম কমানোর আহ্বান

এদিকে, আপিল বিভাগে আপাতত লোক সমাগম কমানোর আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। তবে, মাস্ক ও স্যানিটাইজারের দাম বাড়ানো হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বাড়তি দাম নেয়ায় আজ ময়মনসিংহে দুই ফার্মেসি ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।