বাংলাদেশে সর্বশেষ করোনা পরিস্থিতি: ১ দিনে মৃত ৩৮, আক্রান্ত ২ হাজার ৫২০
-
অধ্যাপক ডা: নাসিমা সুলতানা
বাংলাদেশে করোনাভাইরাসে একদিনের ব্যবধানে আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ২ হাজার ৫২০ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ২১ হাজার ১৭৮ জন। আর মোট মারা গেছেন ২ হাজার ৮৭৪ জন। আজ (শনিবার) দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৬১৫ টি এবং পরীক্ষা করা হয়েছে পূর্বের মিলে ১০ হাজার ৪৪৬টি। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪.১২ শতাংশ এবং এ পর্যন্ত ২০.০৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১১৪ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ২২ হাজার ৯০ জন। সুস্থতার হার ৫৫.২০ শতাংশ। মৃত্যুর হার ১.৩০ শতাংশ। গত ২৪ ঘন্টায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ২৯ জন ও নারী ৯ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে চারজন, রাজশাহী বিভাগে আটজন, খুলনা বিভাগে চারজন, সিলেট বিভাগের একজন, রংপুর বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে তিনজন।
বয়স বিশ্লেষণে জানা যায়, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১-৫০ ছয়জন, ৫১-৬০ সাতজন, ৬১-৭০ আটজন, ৭১-৮০ নয়জন, ৮১-৯০ চারজন এবং ১০০ বছরের বেশি বয়সের একজন। হাসপাতালে মারা গেছে ৩৪ জন, বাড়িতে তিনজন এবং হাসপাতালে নেয়ার পথে একজন। ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৬৪৯ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৪১৭ জনকে। আজকের অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সবাইকে অনুরোধ করে বলেছেন,প্রত্যেক উপজেলা-জেলা এবং শহরে নমুনা সংগ্রহের ব্যবস্থা আছে। আপনারা নমুনা দিতে আসুন এবং নমুনা পরীক্ষা করে এই রোগ প্রতিরোধে সহায়তা করুন।
ডা. নাসিমা বলেন, আমাদের পরীক্ষাগারগুলোতে নমুনার সংখ্যা অনেক কম আসছে। নমুনা সংগৃহীত কম হচ্ছে। আপনাদের যাদের কোনো রকম লক্ষণ বা উপসর্গ দেখা দেয় বা আপনারা কোনো আক্রান্ত ব্যক্তির সাথে সংযুক্ত হন তাহলে অবশ্যই আপনাদের নমুনা পরীক্ষা করাবেন। এ সময় আবারো সকলকে স্বাস্থ্য সুরক্ষার পরামর্শগুলো মেনে চলার আনুরোধ করে ডা. নাসিমা বলেন: সতর্ক থাকুন, সচেতন হোন। সঠিকভাবে মাস্ক পরুন এবং বাড়ির সকল সদস্যকে এ বিষয়ে উদ্বুদ্ধ করুন। সাবান পানি দিয়ে বার বার ২০ সেকেন্ড ধরে হাত ধোন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। জনসমাবেশ এড়িয়ে চলুন। সবাই সচেতন হলে, সতর্ক হলে অবশ্যই করোনাকে প্রতিরোধ করা যাবে এবং এই প্রতিরোধে আপনারা সবাই সামিল হবেন। #
পার্সটুডে/আবদুর রহমান খান/এনএম/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।