কোভিড-১৯ ওলটপলট করে দিয়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন, টুর্নামেন্ট শুরুর উদ্যোগ
বিশ্ব মহামারী কোভিড-১৯ সবকিছুকেই ওলটপলট করে দিয়েছে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনও তার বাইরে থাকেনি। দীর্ঘ ছ’মাস ধরে বন্ধ দেশের প্রধান দু’টি খেলা- ফুটবল ও ক্রিকেট। তবে এরইমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রণীত গাইডলাইন ও স্বাস্থ্যবিধি মেনে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট শুরুর উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠন।
এ বছর চলতি মৌসুমের লীগ পর্যায়ের খেলাগুলো অনুষ্ঠিত না হলেও ২০২০-২১ সালের ফুটবল টুর্নামেন্ট নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ক্লাব ও খেলোয়াড়দের সাথে কথাবার্তা শুরু করেছে। এবছরই ফুটবল টুর্নামেন্ট শুরু করার আশা ব্যক্ত করেছেন, পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী।
ওদিকে ঘরোয়া পর্যায়ে ক্রিকেট শুরুর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংগঠনের পরিচালক জালাল ইউনুস জানিয়েছেন, খেলোয়াড়দের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দেশে ক্রিকেট টুর্নামেন্ট শুরু করা সম্ভব হবে না।
তিনি জানিয়েছেন, খেলোয়াড়দের শারীরিক ফিটনেস বজায় রাখতে ব্যক্তিগত অনুশীলনের জন্য অনলাইনে গাইলাইন দেয়া হয়েছে। তবে সেটা অবশ্যই ম্যাচ ফিটনেসের জন্য যথেষ্ট নয়।
এদিকে, দেশের নারী ক্রিকেটারদের কেউ কেউ যার যেমন সুযোগ রয়েছে নিজের বাসস্থানের কাছে মাঠে অনুশীলন শুরু করেছে। তবে সেখানে কোচ বা সঙ্গী খেলোয়াড় পাওয়া যাচ্ছে না। জাতীয় মহিলা ক্রিকেট দলের খেলোয়াড় শোহানা মোস্তারী একজন সাথীকে নিয়ে একাই নেট প্রাকটিসে নেমে পড়েছেন রংপুরের মাঠে।
অন্যদিকে, ক্লাবগুলোর সাথে খেলোয়াড়দের পারিশ্রমিক প্রশ্নেও চুক্তির পূনর্মূল্যায়নের প্রশ্ন দেখা দিয়েছে। কারণ, টুর্নামেন্ট বন্ধ থাকায় ক্লাবগুলোর আয় বন্ধ রয়েছে। আর সে কারণে খেলোয়াড়দেরও চুক্তিমাফিক পারিশ্রমিক পরিশোধ যায়নি। এ নিয়ে উভয় পক্ষের দিক থেকে কিছু ছাড় দিয়ে সমঝোতার চেষ্টা চলছে।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/আশরাফুর রহমান/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।