আইসিসির নজরদারিতে ৩ বাংলাদেশি ক্রিকেটার: আইপিএল খেলতে ছুটি নিলেন সাকিব
https://parstoday.ir/bn/news/bangladesh-i87608-আইসিসির_নজরদারিতে_৩_বাংলাদেশি_ক্রিকেটার_আইপিএল_খেলতে_ছুটি_নিলেন_সাকিব
আবুধাবিতে অনুষ্ঠিত টি-টেন ক্রিকেট লীগের খেলায় অংশ নেয়া তিনজন বাংলাদেশি ক্রিকেটারের বিরুদ্ধে তদন্তে নেমেছে আইসিসির দুর্নীতি দমন বিভাগ (এসিইউ)। ওই তিন খেলোয়াড়ের মধ্যে পুনে ডেভিলসে খেলোয়াড় মনির হোসেনের সঙ্গে টুর্নামেন্ট চলাকালেই কথা বলেছেন এসিইউ কর্মকর্তারা। মারাঠা অ্যারাবিয়ান্সে খেলোয়ার সোহাগ গাজী ও মুক্তার আলীর ওপরও এসিইউ নজর রেখেছে বলে টি-টেন লীগের এক কর্মকর্তার বরাত দিয়ে আজ ঢাকায় এক খবর প্রকাশিত হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ফেব্রুয়ারি ১৯, ২০২১ ১১:০৫ Asia/Dhaka
  • আইসিসির নজরদারিতে ৩ বাংলাদেশি ক্রিকেটার: আইপিএল খেলতে ছুটি নিলেন সাকিব

আবুধাবিতে অনুষ্ঠিত টি-টেন ক্রিকেট লীগের খেলায় অংশ নেয়া তিনজন বাংলাদেশি ক্রিকেটারের বিরুদ্ধে তদন্তে নেমেছে আইসিসির দুর্নীতি দমন বিভাগ (এসিইউ)। ওই তিন খেলোয়াড়ের মধ্যে পুনে ডেভিলসে খেলোয়াড় মনির হোসেনের সঙ্গে টুর্নামেন্ট চলাকালেই কথা বলেছেন এসিইউ কর্মকর্তারা। মারাঠা অ্যারাবিয়ান্সে খেলোয়ার সোহাগ গাজী ও মুক্তার আলীর ওপরও এসিইউ নজর রেখেছে বলে টি-টেন লীগের এক কর্মকর্তার বরাত দিয়ে আজ ঢাকায় এক খবর প্রকাশিত হয়েছে।

২০২১ আবুধাবি টি-টেন ক্রিকেট লীগে খেলেছেন বাংলাদেশের সাত ক্রিকেটার। প্লেয়ার্স ড্রাফট থেকে আফিফ হোসেন ও শেখ মেহেদীকে দলে নিয়েছিল বেঙ্গল টাইগার্স। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করেই আবুধাবি গিয়েছিলেন তারা। আফিফ পাঁচটি ম্যাচ খেললেও শেখ মেহেদী ছিলেন রিজার্ভ বেঞ্চে। নাসির হোসেন ও মনির হোসেন ছিলেন পুনে ডেভিলসে। মনিরকে প্লেয়ার্স ড্রাফটের বাইরে থেকে দলে নেয় পুনে। নাসির হোসেনের নেতৃত্বে খেলা মনিরকে এসিইউ জিজ্ঞাসাবাদ করে হোটেলে।

এ প্রসঙ্গে সোহাগ গাজী বলেছেন, ঢাকা থেকে যাওয়ার আগেই বিসিবির অ্যান্টি করাপশন ইউনিটের কর্মকর্তারা আমাদের ব্রিফ করেছেন। ওখানে যাওয়ার পর থেকেই থাকতে হয়েছে বায়োসিকিউর বাবলে। হোটেলেই থাকতেন এসিইউ কর্মকর্তারা। বাইরের কারও সঙ্গে যোগাযোগের কোনো সুযোগ ছিল না। এসিইউ কর্মকর্তারাও কিছু জানতে চাননি। আর খেলা শেষ করে আমরা তিনজন (গাজী, মুক্তার ও মোসাদ্দেক) দুবাইয়ে চলে এসেছিলাম। এসিইউ প্রয়োজন মনে করলে ডাকতে পারে। কখনও ডাকলে কথা বলতে সমস্যা নেই।

এদিকে, আইসিসির তদন্ত সম্পর্কে জানা নেই বিসিবি কর্মকর্তাদের। বিসিবি এসিইউ প্রধান মঞ্জুর মোর্শেদ জানান, আইসিসি থেকে এ ধরনের কোনো তথ্য জানানো হয়নি তাদের। তবে টি-টেন সংশ্নিষ্ট বাংলাদেশের একজন সংগঠক বলেছেন, বিষয়টি আইসিসি তদন্ত করছে। টি-টেনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতাও পাচ্ছেন সংশ্নিষ্ট কর্মকর্তারা। শেষ পর্যন্ত কী হবে জানি না। খারাপ লেগেছে বাংলাদেশের দু'জন ক্রিকেটার সোহাগ গাজী ও মুক্তার আলীকে সন্দেহের তালিকায় রাখায়। ওরা তো জাতীয় দলে খেলেছে। প্রার্থনা করি, তারা যেন নির্দোষ প্রমাণিত হয়।

অন্যদিকে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবির কাছে আগেই মৌখিকভাবে ছুটি চেয়েছেন সাকিব আল হাসান। বিসিবির সবুজসংকেত পাওয়ার পর পরশু রাতে ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খানকে ছুটি চেয়ে ইমেইলও পাঠান তিনি। এরপর কাল আইপিএলের জন্য সাকিবকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।

বিষয়টি নিশ্চিত করে কাল রাতে আকরাম খান প্রথম বলেন, সাকিব এই মুহূর্তে টিটোয়েন্টি খেলতে চায়। টেস্ট খেলতে চায় না। আইপিএলের জন্য ছুটি চেয়েছে সে। আমরাও মনে করি কেউ খেলতে না চাইলে তাকে জোর করে খেলিয়ে লাভ নেই। তাই সাকিবকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। পরশু রাতে জাতীয় দলের সাবেক অধিনায়কদের সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সভায় এ নিয়েও আলোচনা হয়েছে।

সবকিছু ঠিক থাকলে, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ চলাকালীন আইপিএল খেলবেন দেশসেরা অলরাউন্ডার।

শুধু শ্রীলঙ্কার বিপক্ষেই নয়, আসন্ন নিউজিল্যান্ড সফরেও নেই সাকিব। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে কিউইদের বিপক্ষে সিরিজেও থাকছেন না দেশসেরা ক্রিকেটার।

গতকাল বৃহস্পতিবার আইপিএলের নিলাম থেকে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইতে আইপিএলের নিলামে প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে লড়াই বেশ জমেছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের। বাংলাদেশি তারকার জন্য প্রথম বিড করে কলকাতা। এরপর পাঞ্জাব তাঁকে দলে পাওয়ার আগ্রহ দেখায়। একপর্যায়ে জমে ওঠে লড়াই। তাই দাম বাড়তে থাকে। শেষ পর্যন্ত ৩ কোটি ২০ লাখ রুপিতে তাঁকে দলে নেয় কোলকাতা। #

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।