আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ: লাথি দিয়ে স্টাম্প ভাঙলেন সাকিব
https://parstoday.ir/bn/news/bangladesh-i92946-আম্পায়ারের_সিদ্ধান্তে_অসন্তোষ_লাথি_দিয়ে_স্টাম্প_ভাঙলেন_সাকিব
আবাহনী লিমিটেড বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ম্যাচে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিমকে আউট না দেওয়ায় আম্পায়ারের ক্ষুব্ধ হয়ে প্রথমে স্টাম্পে লাথি মারেন মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান। এরপর আম্পায়ারের সামনে থেকে তিনটি স্টাম্পই তুলে নিয়ে সজোরে আছাড় মারেন তিনি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ১১, ২০২১ ১২:৪৬ Asia/Dhaka

আবাহনী লিমিটেড বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ম্যাচে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিমকে আউট না দেওয়ায় আম্পায়ারের ক্ষুব্ধ হয়ে প্রথমে স্টাম্পে লাথি মারেন মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান। এরপর আম্পায়ারের সামনে থেকে তিনটি স্টাম্পই তুলে নিয়ে সজোরে আছাড় মারেন তিনি।

আজ (শুক্রবার) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড। টসে জিতে আগে  প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করেছে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান করে সাকিব আল হাসানের মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচে সাকিবদের দেওয়া ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নামে আবাহনী। তাদের ইনিংসের মধ্যেই এই বিব্রতকর ঘটনা ঘটে যায়।

পঞ্চম ওভারে সাকিবের করা বল ঠিকমতো লাগাতে পারেননি মুশফিকুর রহিম। মুশফিকের প্যাডে লেগে যায় বল। সঙ্গে সঙ্গে এলবিডব্লিউ'র আবেদন তোলেন সাকিবরা। খালি চোখে দেখে আউটই মনে হয়েছিল। কিন্তু সাকিবদের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। সাড়া না পেয়ে মুহূর্তের মধ্যে স্টাম্পে লাথি মেরে বসেন মোহামেডানের অধিনায়ক সাকিব।

এরপর আম্পায়ার ইমরান পারভেজের সঙ্গে তর্কে জড়িয়ে যান বিশ্বসেরা অলরাউন্ডার। সতীর্থরা তাঁকে শান্ত করে পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা করেন। ওই মুহূর্তে আবাহনীর সংগ্রহ ছিল তিন উইকেটে ২১ রান। বৃষ্টির সম্ভাবনা শুরু হয়। তাই বৃষ্টি আইনে এগিয়ে থাকতে পরের ওভারে শুভাগত হোমের বলে শান্ত চড়াও হওয়ার পরপরই বৃষ্টি নামে।

ওই সময় মিডঅফে ছিলেন সাকিব আল হাসান। মুহূর্তের মধ্যে দৌড়ে এসে তিনটি স্টাম্প তুলে আছাড় মারেন মোহামেডান তারকা। আম্পায়ারের সঙ্গে ফের তর্কে জড়িয়ে যান তিনি। আবাহনীর ড্রেসিং রুমের দিকেও গিয়েও কিছু বলতে দেখা যায়। সাকিবের অবস্থা দেখে আবাহনীর কোচ খালেদ মাহমুদও সাকিবের দিকে তেড়ে আসেন। তাঁকে গিয়ে শান্ত করেন মোহামেডান ক্রিকেটার শামসুর রহমান শুভ। আর সাকিবকে শান্ত করেন সতীর্থরা।

পরে খেলা শুরু হলে আবাহনীর সামনে লক্ষ্য দাঁড়ায় ৯ ওভারে ৭৬ রান। কিন্তু আবাহনী থামে ৪৪ রানে। উইকেট হারায় ৬টি। ১৮ বলে ১৮ রান নিয়ে অপরাজিত থাকেন মুশফিক। ফলে বৃষ্টি আইনে আবাহনী লিমিটেডকে ৩১ রানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।