খেলা শেষে ক্ষমা চাইলেন 'অনুতপ্ত' সাকিব, বললেন ‘মানবিক ভুল’
-
খেলার মাঠে উত্তেজিত সাকিব
ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টিতে আবাহনী লিমিটেড বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে স্ট্যাম্পে লাথি এবং তিন স্ট্যাম্প তুলে আছাড় মারার ঘটনায় সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন সাকিব আল হাসান।
আজ (শুক্রবার) ম্যাচ শেষে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে সাকিব লেখেন, ‘মেজাজ হারিয়ে সবার জন্য, বিশেষ করে যারা বাসায় বসে খেলা দেখছিলেন তাদের জন্য ম্যাচটার বারোটা বাজানোয় আমি ভক্ত এবং সমর্থকদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমার মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের এভাবে প্রতিক্রিয়া দেখানো মোটেই উচিত নয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেক সময় না চাইলেও এমনটা হয়ে যায়। আমি আমার মানবিক ভুলের জন্য দল, ম্যানেজম্যান্ট, টুর্নামেন্ট অফিসিয়াল ও আয়োজকদের কাছে ক্ষমা চাইছি। আশা করি, আমি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি করব না। আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ।’

শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে মোহামেডান। জবাব দিতে নেমে প্রথম ওভারেই ২ উইকেট হারায় আবাহনী।
৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়া আবাহনীকে উদ্ধারের চেষ্টা চালান মুশফিকুর রহিম। ইনিংসের পঞ্চম ও সাকিবের প্রথম ওভারে মুশফিক পরপর দুটি বাউন্ডারি মারেন। প্রথমটি ছয়, পরেরটি চার।
এরপর নিজের প্রথম ওভারের শেষ বলে আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিমের বিপক্ষে লেগ বিফোরের আবেদন করেন সাকিব।
কিন্তু আম্পায়ার সাকিবের আবেদনে সাড়া না দিলে লাথি মেরে স্ট্যাম্প মোহামেডানের অধিনায়ক। এরপর ওভার শেষে তিন স্ট্যাম্প উঠিয়ে আম্পায়ারের দিকে তেড়ে যান সাকিব।
এর কিছুক্ষণ পর বৃষ্টি বাধায় খেলা স্থগিত হয়ে যায়। মাঠ ছাড়ার সময় ফের ঝামেলায় জড়ান সাকিব। বৃষ্টি শুরু হওয়ায় সাকিবসহ বাকি ক্রিকেটাররা মাঠ ছাড়ছিলেন। ড্রেসিংরুমে ফেরার পথে সাকিবকে উদ্দেশ্য করে গালি দেন আবাহনীর কয়েকজন সমর্থক। সাকিবও তাদের পাল্টা গালি দেন। এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও বাকবিতণ্ডা হয় সাকিবের।
সাকিব যখন আবাহনী সমর্থকদের বকা দিচ্ছিলেন, তখন তার দিকে তেড়ে যান সুজন। তখন সুজনের সঙ্গে সাকিবের তর্ক লেগে যায়। খালেদ মাহমুদ সুজন ভেবেছিলেন, সাকিব তাকে উদ্দেশ্য করে কটু কথা বলেছেন। কিন্তু সুজনকে পরে সাকিব বোঝানোর চেষ্টা করেন যে, আবাহনীর সমর্থকেরা গালি দেওয়ায় তিনি তাদের পাল্টা বলেছিলেন। সুজনকে কিছু বলেননি। এরপর দুজনকেই নিজ নিজ দলের ক্রিকেটার ও স্টাফরা টেনে আলাদা করে।
পরে খেলা শুরু হলে আবাহনীর সামনে লক্ষ্য দাঁড়ায় ৯ ওভারে ৭৬ রান। কিন্তু আবাহনী থামে ৪৪ রানে। উইকেট হারায় ৬টি। ১৮ বলে ১৮ রান নিয়ে অপরাজিত থাকেন মুশফিক। ফলে বৃষ্টি আইনে আবাহনী লিমিটেডকে ৩১ রানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এর মাধ্যমে ৫ বছর পর আকাশী-নীল শিবিরকে হারালো সাদা-কালোরা।
ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে মোহামেডান শেষ জিতেছিল ২০১৬ সালে। শের-ই-বাংলা স্টেডিয়ামে ৫০ ওভারের ম্যাচে আবাহনীর বিপক্ষে ৮ উইকেটে জিতেছিল মোহামেডান।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।