বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন শেষে বেইজিংয়ে তারেক রহমান; উষ্ণ অভ্যর্থনা
https://parstoday.ir/bn/news/event-i160684-বিশ্ব_অর্থনৈতিক_ফোরামের_সম্মেলন_শেষে_বেইজিংয়ে_তারেক_রহমান_উষ্ণ_অভ্যর্থনা
চীনের প্রধানমন্ত্রী লি কুয়াং-এর আমন্ত্রণে ৪ দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে বেইজিং-এ অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের প্রথম অংশে চীনের তালিয়ানে বিশ্ব অর্থনৈতিকক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেওয়ার পর আজ বুধবার বিকেলে তিনি হাইস্পিড ট্রেনে রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। বেইজিং চাউমিং রেলওয়ে স্টেশনে পৌঁছালে চীন সরকারের পক্ষ থেকে তাঁকে উষ্ণ লালগালিচা অভ্যর্থনা ও গার্ড অব অনার জানানো হয়।
(last modified 2026-06-24T12:04:50+00:00 )
জুন ২৪, ২০২৬ ১৭:৫২ Asia/Dhaka
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
    বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা

চীনের প্রধানমন্ত্রী লি কুয়াং-এর আমন্ত্রণে ৪ দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে বেইজিং-এ অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের প্রথম অংশে চীনের তালিয়ানে বিশ্ব অর্থনৈতিকক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেওয়ার পর আজ বুধবার বিকেলে তিনি হাইস্পিড ট্রেনে রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। বেইজিং চাউমিং রেলওয়ে স্টেশনে পৌঁছালে চীন সরকারের পক্ষ থেকে তাঁকে উষ্ণ লালগালিচা অভ্যর্থনা ও গার্ড অব অনার জানানো হয়।

স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে বেইজিং স্টেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে অভ্যর্থনা জানান চীনের কাস্টমস মন্ত্রী (জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস) সান মেইজুন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, বেইজিংয়ে সফরকালীন সময়ে প্রধানমন্ত্রী ‘দিয়াওইউতাই’ রাষ্ট্রীয় অতিথি ভবনে অবস্থান করবেন।

বিশ্ব অর্থনৈতিক ফোরামে জলবায়ু ও বিনিয়োগ নিয়ে আলোচনা

এর আগে বুধবার সকালে তালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে ‘বৃহৎ পরিসরে উদ্ভাবন’ প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম ফোরাম সম্মেলন। সম্মেলনে আগত বিশ্ব নেতৃবৃন্দ এবং চীনা বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হয়।

এর আগে মঙ্গলবার ফোরামের প্রেসিডেন্ট ও সিইও অ্যালোইস জুইঙ্গির সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে সৌরবিদ্যুৎ উৎপাদনে বিশেষ কর-সুবিধা দেওয়া হয়েছে এবং ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নেওয়া হয়েছে। বাংলাদেশের এই টেকসই উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করে অ্যালোইস জুইঙ্গি প্রধানমন্ত্রীকে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠেয় পরবর্তী বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

বিশ্ব অর্থনৈতিক ফোরামে তারেক রহমান

আজ শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ

আজ (বৃহস্পতিবার) সকাল থেকে বেইজিংয়ের গ্রেট হলে শুরু হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর সফরের মূল আনুষ্ঠানিক কর্মসূচি। সেখানে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন। এরপর দুই দেশের প্রধানমন্ত্রীদের মধ্যে একটি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। একই সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরে সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, মাহদী আমিন, এ কে এম শামসুল ইসলামসহ উচ্চপদস্থ প্রতিনিধি দল।#

পার্সটুডে/এমএআর/২৪