ন্যাটোর আগ্রাসী তৎপরতা ঠেকাতে পরমাণু বোমা ব্যবহারের হুমকি দিল রাশিয়া
-
রুশ পরমাণু বোমাবাহী তিনটি তোপল-এম আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক
রাশিয়ার সীমান্তের কাছে ন্যাটোর আগ্রাসী তৎপরতা ঠেকাতে প্রয়োজনে পরমাণু বোমা ব্যবহার করা হবে বলে হুমকি দিয়েছেন রুশ এক সিনেটর।
সংসদের উচ্চকক্ষের প্রতিরক্ষা এবং নিরাপত্তা কমিটির সদস্য সিনেটর ফ্রানজ ক্লিনৎসেভিচ বলেছেন, রুশ সীমান্তের কাছে সদস্য দেশ বাড়ানোর জন্য উঠেপড়ে লেগেছে ন্যাটো এবং সংস্থাটির এ আগ্রাসী আচরণ ঠেকাতে কঠোর জবাব দেবে রাশিয়া। রাশিয়া প্রয়োজনে পরমাণু অস্ত্রসহ সব ধরণের অস্ত্র ব্যবহার করতেও পিছু পা হবে না বলেও ঘোষণা করেন তিনি।
পরমাণু অস্ত্র বলতে রাশিয়ার স্থায়ী ঘাটিতে মজুদ পরমাণু অস্ত্রসহ সাগর এবং বিমান পথে চলমান পরমাণু অস্ত্রকে বুঝিয়েছেন বলেও ব্যাখ্যা দেন তিনি।
অবশ্য তার এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সচিব দিমিত্রি পেশকোভ। তিনি সাংবাদিকদের বলেন, সিনেটরের ভূমিকা কি সে কথা সবাই বুঝতে পেরেছেন। তবে তাকে তড়িঘড়ি কঠোর কোনো সিদ্ধান্ত গ্রহণ না করার আহ্বান জানান পেশকোভ। এ ছাড়া, রুশ সংবিধান অনুযায়ী পররাষ্ট্র নীতি নির্ধারণের বিষয়টি কেবলমাত্র দেশটির প্রেসিডেন্টের ওপর ন্যস্ত করা হয়েছে বলেও উল্লেখ করেন পেশকোভ।#
পার্সটুডে/মূসা রেজা/২৬