ফিলিপাইনে মাদক বিরোধী অভিযানে সেনা নামানোর পরিকল্পনা
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, দেশটিতে মাদক বিরোধী অভিযানে সেনাবাহিনী নামানোর পরিকল্পনা নেয়া হয়েছে। নির্বাহী আদেশ জারি করে সেনাবাহিনীকে নামানোর পরিকল্পনা নেয়া হয়েছে বলেও জানান তিনি। পুলিশ নানা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দেয়া হলো।
তিনি আজ(বৃহস্পতিবার) আরো বলেন, মাদক বিরোধী লড়াইয়ের জন্য দেশটিতে সামরিক আইন জারির প্রয়োজন নেই। পাশাপাশি মাদককে ফিলিপাইনের জন্য জাতীয় হুমকি হিসেবে অভিহিত করেন তিনি।
তিনি একাধিকবার বলেছেন, মাদক বিরোধী অভিযানের জন্য প্রয়োজন হলে সামরিক আইনও জারি করা হবে।
দুতের্তের মাদক বিরোধী অভিযান এর আগে চালিয়েছে ফিলিপাইনের পুলিশ। কিন্তু তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ছাড়া, দক্ষিণ কোরিয়ার এক ব্যবসায়ীকে অপহরণ ও হত্যায় ঘটনায় পুলিশ কর্মকর্তাদের জড়িত থাকার কেলেঙ্কারি প্রকাশিত হয়েছে।
ফিলিপাইনের পুলিশ প্রধান সোমবার থেকে সব মাদক অভিযান বন্ধ করে দিয়েছেন। অসৎ কর্মকর্তাদের পুলিশ বাহিনী থেকে বিদায় না করা পর্যন্ত এ অভিযান বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
প্রেসিডেন্ট দুতের্তের বলেছেন, মাদক বিরোধী অভিযানে জড়িত কর্মকর্তারা তাদের ক্ষমতার অপব্যবহার করেছেন এবং এতে ফিলিপাইনের জাতীয় পুলিশ সদর দফতরে একজন ব্যবসায়ীর মৃত্যু ঘটেছে।
মাদক বিরোধী সংস্থাকে এ অভিযানের দায়িত্ব দেয়া হয়েছে এবং এ অভিযানের জন্য সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন বলে মনে করছেন প্রেসিডেন্ট দুতের্তের ।#
পার্সটুডে/মূসা রেজা/২