বিরোধী দলের নেতাই ঠিক, আমি ভুল করেছি: আর্মেনিয়ার পদত্যাগী প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i56254-বিরোধী_দলের_নেতাই_ঠিক_আমি_ভুল_করেছি_আর্মেনিয়ার_পদত্যাগী_প্রধানমন্ত্রী
পদত্যাগের পর আর্মেনিয়ার প্রধানমন্ত্রী সার্জ সার্গসিয়ান বলেছেন, 'সরকারবিরোধী নেতা নিকোলে পাশিনিয়ানের অবস্থানই সঠিক। আমি ভুল করেছি'। রোববার গ্রেপ্তারের পর গতকাল (সোমবার) বিরোধী দলীয় নেতাকে মুক্তি দেয়া হয়েছে বলেও খবর পাওয়া গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৩, ২০১৮ ২০:৫৬ Asia/Dhaka
  • সার্জ সার্গসিয়ান
    সার্জ সার্গসিয়ান

পদত্যাগের পর আর্মেনিয়ার প্রধানমন্ত্রী সার্জ সার্গসিয়ান বলেছেন, 'সরকারবিরোধী নেতা নিকোলে পাশিনিয়ানের অবস্থানই সঠিক। আমি ভুল করেছি'। রোববার গ্রেপ্তারের পর গতকাল (সোমবার) বিরোধী দলীয় নেতাকে মুক্তি দেয়া হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

সরকারবিরোধী বিক্ষোভের মুখে গতকাল পদত্যাগ করতে বাধ্য হয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী সার্জ সার্গসিয়ান। কয়েক দিন ধরে চলা বিক্ষোভে সোমবার শত শত সেনাসদস্য যোগ দিলে বিক্ষোভ নতুন মাত্রা পায়। এরপরই পদত্যাগের ঘোষণা দেন তিনি। সার্গসিয়ান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ১৭ এপ্রিল থেকে বিক্ষোভ শুরু হয়। কয়েক দশকের মধ্যে দেশটিতে এটিই সবচেয়ে বড় রাজনৈতিক সংকট।

বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধানমন্ত্রী হয়ে সার্গসিয়ান নিজের ক্ষমতা কুক্ষিগত করেছেন। দুর্নীতি, কর্তৃত্ববাদী একব্যক্তির শাসন থেকে দেশকে বাঁচাতে তাঁরা সার্গসিয়ানের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন।

বিক্ষোভের মধ্যে এক বিবৃতিতে সার্গসিয়ান বলেন, ‘আমার প্রধানমন্ত্রিত্বের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ হচ্ছে। আমি তাদের দাবি পূরণ করছি।’ তিনি আরও বলেন, ‘দেশের নেতা হিসেবে শেষবারের মতো আমি আর্মেনিয়া রিপাবলিকানের সব নাগরিককে সম্ভাষণ জানাচ্ছি।’ তিনি এ সময় জাতীয় ঐক্য ও শান্তি কামনা করেন। 

গত সপ্তাহে সংসদের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার আগে ৬৩ বছর বয়সী সার্গসিয়ান দুই মেয়াদে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৪