মোসাদের নামে কল্পকাহিনী তৈরি করছে সরকার: রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i10225-মোসাদের_নামে_কল্পকাহিনী_তৈরি_করছে_সরকার_রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি অভিযোগ করেছে, আওয়ামী লীগ ইসলামের নাম মুছে দিতেই ইসলামপন্থী মানুষদের জঙ্গি বানিয়ে হয়রানি করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৪, ২০১৬ ১৩:১৭ Asia/Dhaka
  • মোসাদের নামে কল্পকাহিনী তৈরি করছে সরকার: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি অভিযোগ করেছে, আওয়ামী লীগ ইসলামের নাম মুছে দিতেই ইসলামপন্থী মানুষদের জঙ্গি বানিয়ে হয়রানি করছে।

আজ(মঙ্গলবার) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমনটি দাবি করে বলেন, এই অবৈধ ভোটারবিহীন সরকার হেফাজতের ওপর আক্রমণ করে বহু লোককে হত্যা করেছে এবং কত লোককে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিএনপির বিরুদ্ধে ইসলামপন্থী দলগুলোকে মাঠে নামার যে আহ্বান জানিয়েছেন, এর প্রেক্ষিতে রিজভী বলেন, ভূতের মুখে রাম নাম। আওয়ামী সরকারের আমলে ইসলামের উপর সবচেয়ে বেশি আক্রমণ করা হয়েছে। আওয়ামী লীগ একটি সুবিধাবাদী দল। প্রধানমন্ত্রী ওআইসি সম্মেলনে গেলেন না। অথচ একটি বেসরকারি অনুষ্ঠানে যোগ দিতে বিদেশ গেলেন।

বিএনপির এই নেতা বলেন, আসলাম চৌধুরী ও মোসাদ নামে কল্পকাহিনী dhতৈরি করে সরকার প্রচার করে যাচ্ছে। সরকার এদেশের মানুষকে পাগল বা বোবা ভাবেন। ভারত বর্তমান আওয়ামী লীগের বন্ধু। ভারতের যারা পলিসি মেকার তারা এই ভোটারবিহীন সরকারকে সমর্থন করে যাচ্ছে। তাদের সাথে ইসরায়েলের সম্পর্ক। সেই দেশের মাটিতে কীভাবে আওয়ামী সরকার উৎখাতের ষড়যন্ত্র হতে পারে ।

রিজভী আরো অভিযোগ করেন।, সরকারের বিরুদ্ধে কেউ যেন নিচু গলায়ও কোনো আওয়াজ করতে না পারে সেজন্যই মিডিয়ার মতো এবার এনজিও নিয়ন্ত্রণে নেয়ার পদক্ষেপ নিতে যাচ্ছে।

রিজভী বলেন, সরকার পতনের সম্ভাবনা খুব তীব্র হওয়ার কারণেই সরকার উন্মাদগ্রস্ত হয়ে শুধু জনগণের গলাটিপে ধরার জন্যই একের পর এক কালো আইন করে যাচ্ছে। সরকারের বিরুদ্ধে টু শব্দ হলেই তাদের শিরদাড়া দিয়ে হীম শিতল রক্ত বইতে থাকে।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/২৪