জিয়ার শাসনামল অবৈধ হলে আওয়ামী লীগ বৈধ হয় কীভাবে: ফখরুলের প্রশ্ন
https://parstoday.ir/bn/news/bangladesh-i44448-জিয়ার_শাসনামল_অবৈধ_হলে_আওয়ামী_লীগ_বৈধ_হয়_কীভাবে_ফখরুলের_প্রশ্ন
বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামল অবৈধ হলে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগও অবৈধ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ১৯, ২০১৭ ১০:১৬ Asia/Dhaka
  • জিয়াউর রহমানের মাজারে মির্জা ফখরুল
    জিয়াউর রহমানের মাজারে মির্জা ফখরুল

বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামল অবৈধ হলে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগও অবৈধ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (শনিবার) জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

গতকাল (শুক্রবার) নীলফামারী জেলার সৈয়দপুর স্টেডিয়ামের কাছে বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, "ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে জিয়াউর রহমানকে 'অবৈধ ক্ষমতা দখলকারী' বললেও মির্জা ফখরুলরা এ বিষয়ে নিশ্চুপ রয়েছেন। এজন্য তাদের ধন্যবাদ জানাই।"

তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন যদি অবৈধ হয়ে থাকে, তা হলে আওয়ামী লীগও অবৈধ। কারণ তার সরকারের সময় তার বিধিমালা অনুসরণ করে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছিল। পরবর্তীকালে সংসদ নির্বাচন, পরবর্তী রাজনীতি কিন্তু তার ওপর দিয়ে চলেছে। আমরা বলতে চাই, বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা অবৈধ হতে পারে না, মানুষের কথা বলার স্বাধীনতা ফিরিয়ে দেয়া অবৈধ হতে পারে না, সাংবাদিকদের মুক্ত করে দেয়া ও সংবাদপত্রের স্বাধীনতা দেয়া অবৈধ হতে পারে না।

আওয়ামী লীগ জোর করে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছে বলে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, "সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রকাশের পর অনেকটা জোর করেই প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছে আওয়ামী লীগ। এছাড়া রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল। তাদের এই কর্মকাণ্ডে গোটা জাতি আজ উদ্বিগ্ন।"

সংশোধনী বাতিলে রিভিউ বিষয়ে বিএনপির অবস্থান নিয়ে ফখরুল বলেন, এটি তাদের অধিকার। তবে সরকার রায় নিয়ে যা করছে, তাতে গণতন্ত্র, বিচার বিভাগ ও শাসনতন্ত্রে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এ সময় জিয়ার মাজারে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, দলটির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুইয়া জুয়েল প্রমুখ।#

পার্সটুডে/আবদুর রহমান খান/ আশরাফুর রহমান/১৯