মনোবল ভাঙবেন না, আ. লীগ আপনাদের পাশে আছে: গাইবান্ধায় শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i44836-মনোবল_ভাঙবেন_না_আ._লীগ_আপনাদের_পাশে_আছে_গাইবান্ধায়_শেখ_হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বন্যা দুর্গত এলাকায় প্রতিটি মানুষের খাদ্যের নিশ্চয়তা করা হবে। বন্যা দুর্গত এলাকায় রাস্তাঘাট শিগগির মেরামত করে দেওয়া হবে। সরকারের কৃষি ঋণ অব্যাহত থাকবে। বন্যার পানি নেমে গেলে সাধারণত রোগ, অসুখ-বিসুখ দেখা দেয়। পর্যাপ্ত প্রস্তুতি আমাদের রয়েছে। নিরাপদ খাবার পানির ব্যবস্থা আমরা করে দেব।’
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
আগস্ট ২৬, ২০১৭ ০৮:২৯ Asia/Dhaka
  • আমন ধানের চারা বিতরণ করছেন শেখ হাসিনা
    আমন ধানের চারা বিতরণ করছেন শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বন্যা দুর্গত এলাকায় প্রতিটি মানুষের খাদ্যের নিশ্চয়তা করা হবে। বন্যা দুর্গত এলাকায় রাস্তাঘাট শিগগির মেরামত করে দেওয়া হবে। সরকারের কৃষি ঋণ অব্যাহত থাকবে। বন্যার পানি নেমে গেলে সাধারণত রোগ, অসুখ-বিসুখ দেখা দেয়। পর্যাপ্ত প্রস্তুতি আমাদের রয়েছে। নিরাপদ খাবার পানির ব্যবস্থা আমরা করে দেব।’

আজ (শনিবার) সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এক বিঘা পরিমাণ জমিতে লাগানোর জন্য ধানের চারা অথবা অর্থকরী ফসলের বীজ বিনামূল্যে সরকারের পক্ষ থেকে দেওয়ার অঙ্গীকার করেন। এছাড়া, বন্যায় যেসব স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো মেরামত করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। যেসব শিক্ষার্থীর বইখাতা নষ্ট হয়েছে, তাদের আবার নতুন বইখাতা বিতরণ করা হবে বলে তিনি জানান।

বন্যা পরিস্থিতি দেখতে এবং দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করতে সকালে গোবিন্দগঞ্জে পৌঁছান শেখ। সকাল ১০টায় দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার গোবিন্দগঞ্জের বোয়ালিয়ায় অবতরণ করে। সেখানে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা তাঁকে স্বাগত জানান। সেখান থেকে প্রধানমন্ত্রীর গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে যান। সেখানে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চারা বিতরণ করেন।

এ সময় দুর্গত মানুষের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের জন্য সরকারের যা যা করার দরকার আমরা করব। আপনারা মনোবল ভাঙবেন না। আওয়ামী লীগ আপনাদের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে। এই সাহস দেওয়ার জন্য আমি আজকে আপনাদের এখানে এসেছি।’

সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ মানুষের জীবনমান উন্নয়নের জন্য অবিরাম কাজ করে যাচ্ছে। আমরা শুধু মানুষের ভাতের অধিকার নিশ্চিত করতে চাই না। আমরা তাদের পুষ্টির নিশ্চয়তাও নিশ্চিত করতে চাই।’

শেখ হাসিনা বলেন, ‘আপনাদের সেবা করাই আমাদের একমাত্র লক্ষ্য। সরকারে থাকি আর বিরোধী দলে থাকি, মানুষের বিপদে সব সময় আওয়ামী লীগ পাশে দাঁড়িয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমরা রাষ্ট্র পরিচালনা করতে এসে নিজেদের বিত্তবৈভব গড়ে তুলতে চাই না। মানুষের মৌলিক অধিকার পূরণ করাই আওয়ামী লীগের প্রধান কাজ। আর যারা আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করে তাঁরা মানুষের কল্যাণ চায় না। তাঁরা মানুষকে ধ্বংস করতে চায়। তাদের প্রতিরোধ করতে হবে।’

এ সময় সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকাসক্ত থেকে মানুষকে দূরে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বক্তৃতা শেষ করার পর প্রধানমন্ত্রী তিন হাজার লোকের প্রত্যেককে ৩০ কেজি শুকনা খাবার ও ৯০ জনের মধ্যে আমন ধানের চারা বিতরণ করেন। এরপর তিনি স্থানীয় নেতা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে শেখ হাসিনা গত ২০ আগস্ট দেশের উত্তরাঞ্চলীয় বন্যাদুর্গত দুটি জেলার বন্যার্তদের অবস্থা দেখতে দিনাজপুর ও কুড়িগ্রাম সফর করেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৬