জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন শেখ হাসিনা
-
জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে শেখ হাসিনার ভাষণ (ফাইল ফটো)
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (শনিবার) দুপুর ২টা ৮ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি আবুধাবির উদ্দেশে যাত্রা শুরু করেন। আগামীকাল সকালে ইতিহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আবুধাবি থেকে নিউইয়র্ক যাবেন শেখ হাসিনা। রোববার অপরাহ্নে প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছালে সেদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন তাঁকে অভ্যর্থনা জানাবেন। সফরকালে প্রধানমন্ত্রী নিউইয়র্কের হোটেল গ্র্যান্ড হায়াতে অবস্থান করবেন।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, শেখ হাসিনা ২১ সেপ্টেম্বর অপরাহ্নে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন এবং একই দিন তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
সাধারণ অধিবেশনের দেয়া ভাষণে শেখ হাসিনা রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করবেন বলে কয়েকদিন আগে জাতীয় সংসদে বক্তৃতাকালে উল্লেখ করেন।
এ সম্পর্কে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, "বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শরণার্থী সঙ্কট এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে গুরুতর আকার ধারণ করেছে। লাখ লাখ অসহায় রোহিঙ্গাকে মানবিক সহায়তা দিতে এবং তাদের নিজ দেশে প্রত্যাবর্তনের বিষয়ে বাংলাদেশ আজ এক নজিরবিহীন সঙ্কটের মুখোমুখি। এই সঙ্কটের মুহূর্তে জাতিসংঘ সাধারণ অধিবেশনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রোহিঙ্গা সমস্যার মূল কারণগুলো প্রধানমন্ত্রী তুলে ধরবেন। পাশাপাশি সমস্যার সমাধানে বাংলাদেশের সুস্পষ্ট প্রস্তাব তিনি জাতিসংঘে উপস্থাপন করবেন।"
বাসসের খবরে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী ১৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত জাতিসংঘ সংস্কারবিষয়ক এক উচ্চ পর্যায়ের বৈঠকে এবং জাতিসংঘ সদর দপ্তরে ‘প্রিভেনশন অব সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড অ্যাবিউজ’ শীর্ষক উচ্চ পর্যায়ের এক বৈঠকে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে তাঁর এই জাতিসংঘ সফরের ওপর সাংবাদিকদের ব্রিফ করবেন। শেখ হাসিনা ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে সড়কপথে ভার্জিনিয়ার উদ্দেশে রওনা হবেন। ভার্জিনিয়ায় এক সপ্তাহ অবস্থানের পর তিনি ২৯ সেপ্টেম্বর দেশের উদ্দেশে রওনা হবেন। প্রধানমন্ত্রী ২ অক্টোবর দেশে ফিরবেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৬