ইউনেস্কোর স্বীকৃতিতে সবাই সম্মানিত: ৭ মার্চের ভাষণ প্রসঙ্গে শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i48530-ইউনেস্কোর_স্বীকৃতিতে_সবাই_সম্মানিত_৭_মার্চের_ভাষণ_প্রসঙ্গে_শেখ_হাসিনা
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "২৩ বছরের সংগ্রাম এবং ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এ রাষ্ট্র আমরা পেয়েছি। জাতি হিসেবে আমরা পেয়েছি মর্যাদা। আর এ মর্যাদা আমাদের এনে দিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।"
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
নভেম্বর ১৮, ২০১৭ ১৫:২৭ Asia/Dhaka
  • নাগরিক সমাবেশে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ
    নাগরিক সমাবেশে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "২৩ বছরের সংগ্রাম এবং ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এ রাষ্ট্র আমরা পেয়েছি। জাতি হিসেবে আমরা পেয়েছি মর্যাদা। আর এ মর্যাদা আমাদের এনে দিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।"

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যে’র স্বীকৃতি পাওয়ায় আজ (শনিবার) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক বিশাল সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কী করতে হবে সকল কথা ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর বলে দিয়েছিলেন। যারা এ ভাষণ নিষিদ্ধ করেছিল তাদের লজ্জা হয় না, যত নিষিদ্ধ করেছে মানুষ তত বেশি বাজিয়েছে এ ভাষণ।

প্রধানমন্ত্রী বলেন, ইতিহাস মুছে ফেলা যায় না। এখন এই ভাষণ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি পেয়েছে। কিন্তু যারা এই ভাষণ মুছে ফেলতে চেয়েছিল, তাদের কি এখন লজ্জা হয় না? 

সমাবেশে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রী বলেন, ইউনেস্কোর এই স্বীকৃতি শুধু স্বীকৃতি নয়। ইতিহাসও যে প্রতিশোধ নেয় তার প্রমাণ। ইতিহাস ঠিকই তার সত্য অবস্থান করে নেয়। শুধু বাংলাদেশ নয়, আজ পুরো বাঙালি জাতি, মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদেরা, সবাই সম্মানিত হয়েছে।

এর আগে বেলা ২টা ৩৮ মিনিটে প্রধানমন্ত্রী সমাবেশস্থলে প্রবেশ করেন এবং সমাবেশস্থলে উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

এর পরপরই জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

নাগরিক কমিটি আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন নাট্যকার রামেন্দু মজুমদার ও শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী।

সমাবেশ স্থল পরিদর্শনে ওবায়দুল কাদের

অনুষ্ঠানে নির্ধারিত বুদ্ধিজীবীরা বক্তব্য দেন। এদের মধ্যে ছিলেন, নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম, কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী প্রমূখ।

সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর বিট্রিস কালদুল।   

এ ছাড়া, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর  আগে শুক্রবার  সমাবেশ স্থল পরিদর্শনে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশ কোন পাল্টাপাল্টি রাজনৈতিক সমাবেশ নয়। যারা স্বাধীনতার অস্তিত্বে বিশ্বাস করে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, তারাই এ সমাবেশে উপস্থিত হবেন।

বিএনপির ১২ নভেম্বরের সমাবেশের অনেক আগেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপিই আওয়ামী লীগের নাগরিক সমাবেশকে ফলো করে পাল্টাপাল্টি সমাবেশ করেছে।

ভাসানী স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম

তবে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন,সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশের নামে রাজনৈতিক সমাবেশ করছে আওয়ামী লীগ। স্কুল-কলেজের শিক্ষক ও ব্যাংকারদের চাকরি হারানোর হুমকি দিয়ে এই সমাবেশে আসতে বাধ্য করা হয়েছে।

তবে, একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতিকে ‘আনন্দের’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৮