খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ৬ বাড়ানোর সুপারিশ আইন মন্ত্রণালয়ের
-
গাড়িতে বেগম খালেদা জিয়া
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আগের শর্তে আরও ছয় মাস বাড়ানোর সুপারিশ করে মতামত দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
আইনমন্ত্রী আনিসুল হক এ সম্পর্কিত নথিতে অনুমোদন দিয়েছেন। নথিটি আজ (সোমবার) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে জানান।
তিনি বলেন, ‘দণ্ড স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর মতামত দিয়ে আমরা ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। এখন বাকি সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই নেবে।’
আগের সিদ্ধান্ত অনুযায়ী, বেগম জিয়ার ৬ মাসের মুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ মার্চ।
এর আগে দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়ার দণ্ড স্থগিত ও বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে তার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়। তার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করে এ সংক্রান্ত আবেদন করেন।
গত বছরের ২৫ মার্চ খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে প্রথমে ছয় মাসের জন্য শর্ত সাপেক্ষে মুক্তি পান। পরে গত সেপ্টেম্বর মাসে তাঁর মুক্তির মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়ানো হয়। মুক্তিতে থাকার সময় খালেদা জিয়া নিজের বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং তিনি দেশের বাইরে যেতে পারবেন না বলে শর্তে উল্লেখ করা হয়েছে। #
পার্সটুডে/আশরাফুর রহমান/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।