নিউজিল্যান্ডের কাছে বড় হারে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের
https://parstoday.ir/bn/news/bangladesh-i89276-নিউজিল্যান্ডের_কাছে_বড়_হারে_টি_টোয়েন্টি_সিরিজ_শুরু_বাংলাদেশের
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৬৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করে বাংলাদেশের সামনে ২১১ রানের বড় লক্ষ্য দিয়েছিল কিউইরা। জবাবে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস থামে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রানে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ২৮, ২০২১ ০৭:২২ Asia/Dhaka
  • নিউজিল্যান্ডের কাছে বড় হারে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৬৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করে বাংলাদেশের সামনে ২১১ রানের বড় লক্ষ্য দিয়েছিল কিউইরা। জবাবে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস থামে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রানে।

নিউজিল্যান্ডের বড় রানের জবাবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তারা দলীয় ২০ রানেই ওপেনার লিটন দাসের উইকেট হারায়। তিনি ব্যক্তিগত ৪ রানে টিম সাউদির বলে ক্যাচ দিয়েছেন ইশ সোধির হাতে। শুরুতে লিটন ফিরলেও নাঈম শেখ ব্যাট হাতে দারুণ সাবলীল ছিলেন।

যদিও ব্যক্তিগত ২৭ রানে লকি ফার্গুসনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরতে হয়েছে তাঁকে। আর সৌম্য সরকারকে ফিরতি ক্যাচে ফিরিয়েছেন সোধি। একই ওভারে মোহাম্মদ মিঠুনকে ব্যক্তিগত ৪ রানে আউট করেছেন এই কিউই স্পিনার। তাঁর বলেই ইনসাইড এজ হয়ে বোল্ড হয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

এরপর বেশিক্ষণ টিকতে পারেননি শেখ মেহেদী। কোনো রান করার আগেই ফিরেছেন এই স্পিন বোলিং অলরাউন্ডার। সপ্তম উইকেটে মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে ৬৩ রানে জুটি গড়ে বাংলাদেশের সংগ্রহটাকে সম্মানজনক অবস্থানে নিয়ে যান আফিফ হোসেন।

তিনি বক্তিগত ৪৫ রান লকি ফার্গুসনের বলে বোল্ড হন। সাইফউদ্দিন শেষ পর্যন্ত ৩৪ রানে অপরাজিত থেকে বাংলাদেশের হারের ব্যবধান কমিয়েছেন। সোধির ৪ উইকেট ছাড়াও কিউইদের হয়ে ফার্গুসন ২টি এবং ১টি করে উইকেট নিয়েছেন টিম সাউদি ও হামিশ ব্যানেট।

সপ্তম উইকেটে মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে ৬৩ রানে জুটি গড়ে বাংলাদেশের সংগ্রহটাকে সম্মানজনক অবস্থানে নিয়ে যান আফিফ হোসেন

এর আগে হ্যামিলটনে এই ম্যাচের টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টিম সাউদি। তবে শুরুটা ভালো হয়নি তাদের। তারা শুরুতেই হারায় আরেক অভিষিক্ত ফিন অ্যালেনের উইকেট।

নিজের করা প্রথম ওভারেই তাঁকে সাজঘরে ফিরিয়েছেন অভিষিক্ত টাইগার স্পিনার নাসুম আহমেদ। এই স্পিনারের বোলিং ঘূর্ণিতে কোনো রান না করেই বোল্ড হন ফিন। প্রথম ওভারেই ফিনের উইকেট হারালেও কিউদের রানের চাকা সচল রেখেছেন শততম টি-টোয়েন্টি খেলতে নামা মার্টিন গাপটিল।

পাওয়ার প্লেতে তিনি টাইগার বোলারদের রীতিমত শাষণ করেছেন। এর ঠিক পরেই ব্যক্তিগত ৩৫ রানে নাসুমের বলে সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে ফেরেন গাপটিল। তৃতীয় উইকেটে অভিষিক্ত ইয়ংকে নিয়ে ঝড় তোলেন ডেভন কনওয়ে। তিনি ৩৭ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন।

৫২ বলে ৯২ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার পান ডেভন কনওয়ে

ইয়ংয়ের ব্যাট চলেছে আরও গতিতে। তিনি মাত্র ২৭ বলে অভিষেক টি-টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি করেছেন। এরপর শেখ মেহেদীকে উড়িয়ে মারতে গিয়ে ব্যক্তিগত ৬৫ রানে ইয়ং সীমানার কাছে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়েছেন। আর তাতেই ভেঙেছে এই দুজনের ১০৫ রানের জুটি ভাঙে। শেষদিকে কিউইদের রানটাকে পাহাড়ে রূপ দেন একপ্রান্ত আগলে রাখা কনওয়ে। তিনি ৫২ বলে ৯২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ম্যাচ সেরার পুরস্কারও পান তিনি।

ম্যাচ শেষে বাংলাদেশ দলে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘বোলাররা ভাল বল করেছে, অভিষেকে নাসুম আহমেদ দারুণ বল করেছে। কিন্তু আবারও আমাদের ব্যাটিং ডুবিয়েছে, দ্রুত বেশ কিছু উইকেট হারিয়েছি। দ্বিতীয় ম্যাচ এখান থেকে ফিরতে হবে।’

৩০ মার্চ নেপিয়ারে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নামবে দুদল।#

পার্সটুডে/এআর/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।