ক্ষমা চেয়েও রেহাই পেলেন না সাকিব আল হাসান: ৪ ম্যাচ নিষিদ্ধ
https://parstoday.ir/bn/news/bangladesh-i92996-ক্ষমা_চেয়েও_রেহাই_পেলেন_না_সাকিব_আল_হাসান_৪_ম্যাচ_নিষিদ্ধ
ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ৪০তম ম্যাচে বিতর্কিত ঘটনা ঘটিয়ে ক্ষমা চাইলেও শাস্তি থেকে রেহাই পেলেন না মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান। গতকাল শুক্রবার আবাহনী-মোহামেডান ম্যাচে আচরণবিধি ভঙ্গ এবং অসদাচরণের দায়ে সাকিবকে ৪ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। মোহামেডানের ক্রিকেট কমিটির প্রধান মাসুদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ১২, ২০২১ ১২:৫২ Asia/Dhaka
  • মেজাজ হারিয়ে নন-স্ট্রাইকিং প্রান্তের স্টাম্পে লাথি মেরে ভেঙে দেন সাকিব।
    মেজাজ হারিয়ে নন-স্ট্রাইকিং প্রান্তের স্টাম্পে লাথি মেরে ভেঙে দেন সাকিব।

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ৪০তম ম্যাচে বিতর্কিত ঘটনা ঘটিয়ে ক্ষমা চাইলেও শাস্তি থেকে রেহাই পেলেন না মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান। গতকাল শুক্রবার আবাহনী-মোহামেডান ম্যাচে আচরণবিধি ভঙ্গ এবং অসদাচরণের দায়ে সাকিবকে ৪ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। মোহামেডানের ক্রিকেট কমিটির প্রধান মাসুদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ক’দিন আগে ঢাকা প্রিমিয়ার লিগের জৈব সুরক্ষাবলয় ভেঙে ক্ষমা চেয়েছিলেন সাকিব। এর আগেও ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে একাধিকবার শৃঙ্খলাভঙ্গ করেছেন এবং সেজন্য তিনি বিভিন্ন সময় শাস্তিও পেয়েছেন।

শুক্রবার আবাহনীর ইনিংসের পঞ্চম ওভারে মুশফিকুর রহিমের বিরুদ্ধে সাকিবের করা একটি এলবিডাব্লিউ আবেদন গ্রহণ করেননি আম্পায়ার। এতেই চটে গিয়ে  মুহূর্ত অপেক্ষা না করে তিনি লাথি মেরে স্টাম্প ভেঙে ফেলেন! পরের ওভার শেষে ফের স্টাম্প তুলে আছাড়ও মারেন! মাঠ ছাড়ার সময় তর্কে জড়ান আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গে। এরপর পরিস্থিতি শান্ত হলে তিনি সুজনের কাছে ক্ষমা চান। সুজন তাকে বুকে জড়িয়ে ধরেন। এরপর সোশ্যাল সাইটে পোস্ট দিয়ে ভক্তদের কাছেও ক্ষমা চান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিব লেখেন, 'প্রিয় ভক্তবৃন্দ, এভাবে মেজাজ হারিয়ে একটা ম্যাচ নষ্ট করার জন্য এবং যারা ঘরে বসে খেলা দেখছিলেন তাদের কষ্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের এমন আচরণ করা কখনোই উচিত নয়। আমি আমার দল, ম্যানেজম্যান্ট, টুর্নামেন্ট অফিসিয়ালস এবং সাংগঠনিক কমিটির কাছে এই মানবিক ভুলের জন্য ক্ষমা চাইছি। আশা করিছি, ভবিষ্যতে কখনোই আর এমন কাজ করব না।’

তবে, দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়ে স্ট্যাটাস দেওয়ার পরও শাস্তি থেকে রক্ষা পেলেন না সাকিব। প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ন্ত্রক কমিটি সিসিডিএমের পক্ষ থেকে সাকিব আল হাসানকে শাস্তি দেওয়া হলো।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।