‘হাওরের পানিতে ইউরেনিয়ামের অপপ্রচার চালিয়ে বিএনপি মানুষকে বিভ্রান্ত করছে’
https://parstoday.ir/bn/news/bangladesh-i36796-হাওরের_পানিতে_ইউরেনিয়ামের_অপপ্রচার_চালিয়ে_বিএনপি_মানুষকে_বিভ্রান্ত_করছে’
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হাওরের পানিতে ইউরেনিয়ামের অপপ্রচার চালিয়ে বিএনপি মানুষকে বিভ্রান্ত করছে। বিএনপি নেতারা পুরো বিষয়টি নিয়ে মিথ্যা খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
এপ্রিল ২৪, ২০১৭ ২২:৩৮ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হাওরের পানিতে ইউরেনিয়ামের অপপ্রচার চালিয়ে বিএনপি মানুষকে বিভ্রান্ত করছে। বিএনপি নেতারা পুরো বিষয়টি নিয়ে মিথ্যা খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার রাতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বোর্ডের সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, “যেসব এলাকা বন্যাকবলিত হয় সেখানে সাধারণত মাছ ও জলজ প্রাণি মারা যায়। আজকে হাওর অঞ্চলে বাঁধ ভেঙে গেছে। ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে, সেখানে মানুষেরা দুর্ভোগে আছে, বন্যা এলেই এ ধরনের ঘটনা ঘটে থাকে। তবে কিছু অপপ্রচার আমরা দেখতে পাচ্ছি। আমি দেখলাম বিএনপির কোনো একজন নেতা ভাবখানা এমন মহাবিজ্ঞানী, জ্ঞানী তিনি বলে দিলেন, ভারত থেকে ইউরেনিয়াম এসে এই হাওর অঞ্চলের মাছ মেরে ফেলছে!”

তিনি বলেন, “হাওর এলাকার মানুষের যাতে কষ্ট না হয় সে ব্যবস্থা সরকার করেছে। ফসল যাদের নষ্ট হয়েছে তাদের ৩০ কেজি করে চাল, ৫০০ টাকা করে নির্দিষ্ট করে দিয়েছি। যাদের ঘর-বাড়ি ভেঙেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন যারা আছেন তাদের আমরা খোঁজ নিতে বলেছি। আমাদের দুর্যোগ মন্ত্রণালয় থেকে শুরু করে খাদ্য মন্ত্রণালয়, প্রতিটি মন্ত্রণালয়ই এখানে সচল, প্রশাসনের কর্মকর্তারা সেখানে সজাগ এবং তাৎক্ষণিকভাবে যথাযথ ব্যবস্থা নিচ্ছে।”

প্রধানমন্ত্রী বলেন, ‘‘বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন থেকে বিজ্ঞানী পাঠিয়ে সেখানকার পানি পরীক্ষা করা হলো। তারা বলল, সেখানকার পানিতে এ রকম কিছু পাওয়া যায়নি। এ কথা শোনার পরও তারা (বিএনপি) প্রেস কনফারেন্স করে মিথ্যা বলে বেড়াচ্ছে- এর মানে কী? আমি বলব, তারা যে কথাটা বলছে তার প্রমাণ নিয়ে তারা উপস্থিত হোক। তারা যদি বৈজ্ঞানিকভাবে এটা ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখাতে পারে, তবে জনগণ বিশ্বাস করবে। না হলে তাদের এই মিথ্যা অপপ্রচার জনগণ কখনও মেনে নেবে না। আসলে এক শ্রেণির লোক আছেন যারা জ্ঞান পাপি। তারা দেখে হোক না দেখে হোক উদ্দেশ্যমূলকভাবে নানা কথা বলে বেড়ান।”

সুনামগঞ্জের হাওরে মারা যাচ্ছে মাছ ও হাঁস

হাওর এলাকার দুর্যোগ মনুষ্যসৃষ্ট বিপর্যয়: বিএনপি

এর আগে গতকাল (সোমবার) দুপুর ১২টায় কিশোরগঞ্জ জেলা শহরে সংবাদ সম্মেলন করে হাওর এলাকার দুর্যোগকে ‘মনুষ্যসৃষ্ট বিপর্যয়’ হিসেবে আখ্যা দিয়েছে বিএনপি। জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, প্রকৌশলী, সরকারি আমলা ও ঠিকাদারদের কারণে এ বিপর্যয় ঘটেছে বলে অভিযোগ করেন দলটির নেতারা।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির তথ্য সেলের সদস্যসচিব ক্যাপ্টেন সালাউদ্দিন আহমেদ সেলুর লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অসীম সরকার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ভোটের রাজনীতিকে মাথায় রেখে হাওরবাসীর প্রয়োজনীয় সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন না করে অপরিকল্পিত প্রকল্প গ্রহণ করার কারণেই আজকের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হাজার কোটি টাকা ব্যয় করে ‘হাওর মহাপরিকল্পনা ও ব্যবস্থাপনার’ নামে দুর্নীতির মহোৎসব চলছে। বন্যা মোকাবিলায় বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ ক্ষেত্রবিশেষে সম্পন্ন হয়েছে ১০ থেকে ৩৫ ভাগ। এ ছাড়া নিয়মিত নদী খননের মাধ্যমে পাহাড়ি ঢলের পলি অপসারণ না করা, ফসলি জমির ওপর রাস্তা নির্মাণ, স্লুইসগেটের ত্রুটি, বাঁধ নির্মাণ ও মেরামত প্রকল্পে দুর্নীতি এবং গড়িমসির কারণে অকাল বন্যায় হাওরের ফসল তলিয়ে গেছে।

সংবাদ সম্মেলনে ইউরেনিয়ামের মিশ্রণের কারণে মাছ ও গবাদিপশুর মৃত্যুর সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করে বিষয়টি গুরুত্ব সহকারে নেয়ার এবং গ্রহণযোগ্য ও স্বীকৃত উপায়ে হাওরের পানি পরীক্ষার দাবি জানানো হয়।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫