করোনায় বাংলাদেশের ক্রীড়াঙ্গন অচল, থমকে গেছে ক্রীড়া অর্থনীতি: সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i80929-করোনায়_বাংলাদেশের_ক্রীড়াঙ্গন_অচল_থমকে_গেছে_ক্রীড়া_অর্থনীতি_সংশ্লিষ্টদের_প্রতিক্রিয়া
বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির কারণে আন্যান্য দেশের মতো বাংলাদেশের ক্রীড়াঙ্গনও স্তিমিত হয়ে পড়েছে। থমকে গেছে ক্রীড়া সম্পর্কিত বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড। বাংলাদেশের দুটি প্রধান জনপ্রিয় খেলা– ফুটবল ও ক্রিকেটের মাঠে সবুজ ঘাস মাথা উঁচু করে বাতাসে দুলছে। গ্যালারি আর খেলার অফিসগুলোতে শুনশান নিরবতা। দূর্দান্ত দাপুটে সব খেলোয়াড়রা এখন গৃহবন্দি।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
জুন ২৪, ২০২০ ২১:৪৮ Asia/Dhaka

বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির কারণে আন্যান্য দেশের মতো বাংলাদেশের ক্রীড়াঙ্গনও স্তিমিত হয়ে পড়েছে। থমকে গেছে ক্রীড়া সম্পর্কিত বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড। বাংলাদেশের দুটি প্রধান জনপ্রিয় খেলা– ফুটবল ও ক্রিকেটের মাঠে সবুজ ঘাস মাথা উঁচু করে বাতাসে দুলছে। গ্যালারি আর খেলার অফিসগুলোতে শুনশান নিরবতা। দূর্দান্ত দাপুটে সব খেলোয়াড়রা এখন গৃহবন্দি।

এর মাঝেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী আশায় বুক বেধে আছেন, পরিস্থিতি স্বাভাবিক হলেই পুনরায় মাঠে গড়াবে ফুটবল। আবার সবাই মিলে স্টেডিয়ামে হৈচৈ করে খেলা দেখবে।

তবে এ সময় খেলোয়াড়সহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সুস্থ থাকার পরামর্শ দেন এই ক্রীড়া  সংগঠক।

উল্লেখ্য, গত ১৫ মার্চ বিপিএল ফুটবলের সবশেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। কোভিড-১৯ এর কারণে ক্লাবগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে, গত ১৭ মে বাফুফের কার্যনির্বাহী সভায় বাতিল করা হয় প্রিমিয়ার লিগের এবারের আসর।।

বাংলাদেশের ক্রিকেট:

ক্রিকেট ময়দানেও একই হাল। আগষ্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে আইসিসির এফটিপির অংশ হিসেবে দুটি টেস্ট খেলতে আসবার কথা ছিলো কিউইদের। দুই দলের দুটি টেস্টও যুক্ত ছিল আইসিসি চ্যাম্পিয়নশিপে। কিন্তু বাংলাদেশে করোনা পরিস্থিতি ক্রমাগত অবনতির প্রক্ষাপটে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আগেভাগেই তা বাতিল করে দিয়েছে।

বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি)‘র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, কোভিড-১৯ ভাইরাস পরিস্থিতি এখন যে পর্যায়ে আছে তাতে আগষ্টে  সিরিজ আয়োজন করা কঠিন হবে ।

এরআগে একই কারণে জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলা এবং মে মাসে আয়ারল্যান্ড সফরও বাতিল করা হয়েছে। 

করোনা আক্রান্ত মাশরাফী বিন মোর্তজা

মাশরাফী মুর্তজা (ফাইল ফটো)

এদিকে, গত ২০ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্তজা।

মাশরাফীর পর তাঁর ছোট ভাই মোরসালিন বিন মোর্তজাও করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার রিপোর্ট পজিটিভ পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন মোরসালিন।

মাশরাফীর ছেলে-মেয়েরও নমুনা পরীক্ষা করা হয়। আশার খবর হলো, তাদের ফলাফল নেগেটিভ এসেছে। নিজের বাচ্চাদের গ্রামের বাড়ি নড়াইলে পাঠিয়ে দিয়েছেন মাশরাফী।

এর আগে করোনা পজিটিভের রিপোর্ট পাওয়ার পর দোয়া চেয়ে ফেসবুকে মাশরাফী লিখেছেন,‘সবাই আমার জন্য দোয়া করবেন, দ্রুত যেন সুস্থ হয়ে উঠতে পারি। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। আমি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি, প্রয়োজনীয় বিধি নিষেধ মেনে চলছি। করোনা নিয়ে আতঙ্ক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।’#

পার্সটুডে/আবদুর রহমান খান/গাজী আবদুর রশীদ/২৪